সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়ায় একটি সিএনজি অটোরিকশায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের ধাক্কার ঘটনায় সিএনজিচালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উল্লাপাড়া পৌর শহরের ঘোঁষগাঁতী এলাকার তাহেরের ছেলে সিএনজিচালক মুন্নাফ এবং একই এলাকার বাসু পালের ছেলে চন্দল পাল।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রাতে মুন্নাফ ও চন্দল পাল একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ঘোঁষগাঁতী এলাকা থেকে শাহজাদপুর উপজেলার মশিপুর গ্যাস পাম্পের উদ্দেশে যাচ্ছিলেন। পথে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় পৌঁছালে পাবনা থেকে ছেড়ে আসা একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মুন্নাফ ও যাত্রী চন্দল পালের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরে সেগুলো পুলিশের হেফাজতে নেওয়া হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক সিলাইন বাসটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে।