Wednesday 25 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তোমরাই একদিন দেশ পরিচালনা করবে- শিশুদের উদ্দেশে রাষ্ট্রপতি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৬ ২১:২৪

বঙ্গভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বঙ্গভবন পরিদর্শনে আসা রাজধানীর বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়কালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রপতি শিশুদের উদ্দেশে বলেন, ‘তোমরাই জাতির ভবিষ্যৎ এবং তোমরাই একদিন এই দেশটাকে গড়ে তুলবে ও দেশ পরিচালনা করবে। তাই এখন থেকেই নিজেদের জীবনের লক্ষ্য ঠিক করতে হবে এবং সেই বড় স্বপ্ন বাস্তবায়নে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে।’

বিজ্ঞাপন

বঙ্গভবন পরিদর্শন কর্মসূচির তৃতীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এদিন বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরভী আক্তারের নেতৃত্বে ৩৫ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক রাষ্ট্রপতির বাসভবন ও কার্যালয় পরিদর্শন করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি অত্যন্ত স্নেহের সঙ্গে শিক্ষার্থীদের কাছে বঙ্গভবন ঘুরে দেখার অভিজ্ঞতা জানতে চান। এ সময় শিক্ষার্থীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, বঙ্গভবনের ঐতিহাসিক নানা নিদর্শন, তোশাখানা জাদুঘরে সংরক্ষিত রাষ্ট্রীয় মূল্যবান সামগ্রী, ঐতিহাসিক এয়ার রেইড শেল্টার এবং হরিণ পার্ক ঘুরে দেখে তারা দারুণ আনন্দিত ও অভিভূত হয়েছে। দেশের সর্বোচ্চ ব্যক্তির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পেরে এবং কথা বলতে পেরে কোমলমতি শিক্ষার্থীরা বিশেষ আনন্দ প্রকাশ করে।

মতবিনিময়কালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বর্তমান সময়ের প্রযুক্তি ব্যবহারের নেতিবাচক দিক তুলে ধরে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘বর্তমানে অনেক শিশু বই পড়ার পরিবর্তে মোবাইল ফোনে বেশি সময় ব্যয় করছে। মোবাইলের প্রতি এই অতিরিক্ত আসক্তি শিশুদের স্বাভাবিক মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশকে বাধাগ্রস্ত করে, তাই তাদের আবার বই পড়ার জগতে ফিরিয়ে আনতে হবে।’ একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেন এবং বাবা-মা ও শিক্ষকদের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেন।

ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘আজকের এই শিশুদের মধ্য থেকেই আগামী দিনে কেউ চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, বিজ্ঞানী কিংবা সশস্ত্র বাহিনীর গর্বিত সদস্য হিসেবে গড়ে উঠবে। কেউ গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব পালন করবে, আবার কেউ সরাসরি দেশ পরিচালনার নেতৃত্ব দেবে। সেই গুরুদায়িত্ব পালনের যোগ্য হিসেবে নিজেদের প্রস্তুত করতে এখন থেকেই নৈতিকতা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের চর্চা করতে হবে।’

কোমলমতি শিক্ষার্থীদের হৃদয়ে দেশপ্রেমের চেতনা জাগ্রত করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি আরও বলেন, ‘সবকিছুর ওপরে নিজের দেশটাকে ভালোবাসতে হবে। কারণ আমাদের দেশটাই আসল এবং এটাই আমাদের একমাত্র অস্তিত্ব। এই দেশই আমাদের বাঁচিয়ে রাখে, আমাদের জীবিকা ও আশ্রয়ের ব্যবস্থা করে। তাই দেশকে গভীরভাবে ভালোবেসে আমরা সবাই মিলে সামনে এগিয়ে যেতে চাই এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সমৃদ্ধ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চাই।’

অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব এবং প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে শিক্ষার্থীরা রাষ্ট্রপতির সঙ্গে ফটোসেশনে অংশ নেয় এবং আনন্দঘন পরিবেশে বঙ্গভবন ত্যাগ করে।

সারাবাংলা/এফএন/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর