ফরিদপুর: জেলায় চার বছরের এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত আশরাফুল উকিল (২৮) নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তাকে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আশরাফুল উকিল আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ অক্টোবর জেলার মধুখালী উপজেলার বাসিন্দা চার বছরের ওই শিশুটি তার ঘরে ছিল। শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এসময় প্রতিবেশী আশরাফুল উকিল শিশুটির ঘরে ঢুকে তাকে যৌন নিপীড়ন করেন। এসময় শিশুটির চিৎকারে তার মা ছুটে এলে আশরাফুল পালিয়ে যায়। পরদিন এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে মধুখালী থানায় মামলা দায়ের করেন।
২০২৫ সালের ১৭ জানুয়ারি আদালতে মামলার চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। সাক্ষ্য ও শুনানি শেষে আজ এ রায় ঘোষণা করেন বিচারক।
সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, চার বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিল নামের যুবককে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তাকে আরো এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।