গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মাহবুব আলী খান মারা গেছেন।
হৃদ্রোগে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ১টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, আত্মীয়স্বজন, অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
মাহবুব আলী খান দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি সংগঠনটির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। দলীয় নেতাকর্মীদের কাছে তিনি একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক সংগঠক হিসেবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে গোপালগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন তার শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীরা।