ব্যস্ততা, কাজের চাপ আর জীবনের নানান চড়াই-উতরাইয়ের মাঝে আমাদের মন প্রায়শই একটু ফুুরফুরে আনন্দ চায়। কিন্তু বেশিরভাগ সময় আমরা উদযাপনের জন্য কোনো বিশেষ উপলক্ষের অপেক্ষায় বসে থাকি উৎসব, জন্মদিন, কিংবা কোনো বড় সাফল্য। কেমন হতো, যদি কোনো কারণ ছাড়াই হুট করে একদিন শুধু আনন্দের জন্য, কেবল উদযাপনের জন্য সবাইকে ডেকে এনে একটু আড্ডা দেওয়া যেত? ঠিক এই ভাবনা থেকেই উদ্ভব হয়েছে এক অদ্ভুত মজার উদযাপনের: ‘ইটস মাই পার্টি ডে’।
প্রতি বছর ১১ অক্টোবর বিশ্বজুড়ে একটু ভিন্ন মেজাজে পালিত হয় এই দিনটি। এটি সাধারণ কোনো দিবসের মতো আনুষ্ঠানিকতায় ঘেরা নয়, বরং নিয়মের তোয়াক্কা না করে জীবনকে উদযাপনের এক খোলামেলা আহ্বান।
কেন পালিত হয় এই অদ্ভুত দিন
‘ইটস মাই পার্টি ডে’-র মূল দর্শন খুবই সহজ নিজের খুশি উদযাপন করতে কোনো বিশেষ কারণ বা ক্যালেন্ডারের নির্দিষ্ট তারিখের দরকার নেই। ১৯৬৩ সালে মার্কিন গায়িকা লেসলি গোরের গাওয়া বিখ্যাত গান ‘ইটস মাই পার্টি (অ্যান্ড আইল ক্রাই ইফ আই ওয়ান্ট টু)’ থেকে এই দিবসের নামের উৎপত্তি বলে মনে করা হয়। গানটিতে অভিমান আর কান্নার গল্প থাকলেও, কালক্রমে এই দিনটি রূপ নেয় সম্পূর্ণ উল্টো এক আমেজে। এটি এখন কেবলই আনন্দ করা, হাসাহাসি করা এবং জীবনের ক্লান্তি ভুলে বন্ধুদের সঙ্গে কিছুটা রঙিন সময় কাটানোর প্রতীক। দিনটির বার্তা একটাই: আপনার উদযাপনের মায়েব আপনি নিজেই।
একঘেয়েমি তাড়াতে কোনো কারণ ছাড়াই উৎসব
আধুনিক জীবনে আমাদের দিনগুলো প্রায় একই ছকে বাঁধা। সকালের ব্যস্ততা থেকে শুরু করে রাতের বিষণ্নতা, সবই যেন এক যান্ত্রিক নিয়মে চলে। ‘ইটস মাই পার্টি ডে’ সেই একঘেয়ে চক্র ভাঙার এক চমৎকার বাহানা তৈরি করে দেয়। এখানে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রয়োজন নেই। বাড়ির ড্রয়িংরুমে বন্ধুদের সামান্য চায়ের নিমন্ত্রণ, প্রিয় কোনো গান ছেড়ে একটু নাচানাচি, কিংবা সবাই মিলে পুরনো কোনো স্মৃতির ঝুলিতে আলো ফেলা সবই হতে পারে এই পার্টির অনুষঙ্গ। কোনো সাফল্য অর্জন করতে হয়নি, কোনো মাইলফলক স্পর্শ করতে হয়নি, তবুও যে আমরা বেঁচে আছি এবং প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটাতে পারছি, এই অনুভটাই এখানে প্রধান।
ছোট ছোট আনন্দে জীবনের আসল অর্থ
মনোবিজ্ঞানীরা প্রায়ই বলে থাকেন, ছোট ছোট আনন্দ উদযাপন মানুষের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। বড় কোনো প্রাপ্তির অপেক্ষায় না থেকে প্রতিদিনের ছোট সুখগুলোকে উপভোগ করাটাই জীবনের আসল সৌন্দর্য। ‘ইটস মাই পার্টি ডে’ ঠিক এই শিক্ষাই দেয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে, জীবনের আনন্দগুলো কেবল ক্যালেন্ডারের লাল দাগে বাঁধা নয়। হঠাৎ করে বন্ধুদের এক ছাদের নিচে আনলে যে নিখাদ হাসি আর কোলাহল তৈরি হয়, তা মুহূর্তেই দূর করে দিতে পারে সপ্তাহের জমানো ক্লান্তি।
আজ তবে উদযাপিত হোক কারণহীন আনন্দ
আজকের এই যান্ত্রিক দিনে একটু সময় বের করে নিজের মতো করে কিছু মুহূর্ত কাটিয়ে নেওয়া একেবারেই সহজ। হয়তো পছন্দের কিছু পোশাক পরে, নিজের প্রিয় কোনো খাবার তৈরি করে কিংবা প্রিয় মানুষদের এক করে শুরু করা যেতে পারে এই উদযাপন। পার্টি মানেই যে বিশাল খরচ কিংবা বড় আয়োজন তা নয়; পার্টি মানে মনের ভেতরের আনন্দকে বাইরের ছড়িয়ে দেওয়া। তাই কোনো অজুহাত ছাড়া, কোনো উপলক্ষ ছাড়া আজ বলেই ফেলা যায় ‘আজ আমার পার্টি, উদযাপনে মানা নেই!’