ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভে অংশ নিয়ে ফের আটক হয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা।
রোববার (১১ অক্টোবর) বিক্ষোভকারীদের সঙ্গে আশ্রম মর্গে (কনট প্লেসে) পৌঁছালে তাকে আটক করা হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক রাঘবেন্দ্র রাও নেহা বোরাকে পুলিশ হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, নেহা বোরার আহ্বানে সাড়া দিয়ে যখন বিক্ষোভকারীরা আর কে আশ্রমে জড়ো হচ্ছিলেন, তখন তিনি একদল সমর্থককে নিয়ে কনট প্লেসের দিকে মিছিল করে এগিয়ে যান। পরে পুলিশ তাকে আটক করে।
নেহা বোরা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। ওই ভিডিওতে দেখা যায়, তিনি অন্য আন্দোলনকারীদের সঙ্গে দৌড়ে এলাকা ছাড়ার চেষ্টা করছেন। এ সময় পুলিশ ধাওয়া করে তাকে আটক করে নিজেদের হেফাজতে নেয়।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে গত ২ অক্টোবর থেকে দিল্লিতে চলমান আন্দোলনে অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন নেহা বোরা। কর্মসূচি চলাকালে প্রায় প্রতিটি বিক্ষোভ থেকেই পুলিশ তাকে আটক করে আসছে।
এর আগে শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে যাওয়ার রাস্তাগুলোতে পুলিশের কড়া পাহারা ছিল। সেই নিরাপত্তা বলয়ের মধ্যেই তিনি আকস্মিকভাবে পৌঁছান এবং বিক্ষোভ প্রদর্শন করেন। পরে সেখান থেকেও তাকে আটক করা হয়েছিল।
পরের দিন রোববার তিনি আন্দোলনের কৌশল পরিবর্তন করেন। বিক্ষোভের সুনির্দিষ্ট স্থান ও সময় জানিয়ে সমর্থকদের সেখানে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে একটি ভিডিও বার্তা দেন নেহা বোরা। এরপর নির্ধারিত স্থানে পৌঁছে তিনি বিক্ষোভ শুরু করলে পুলিশ ফের তাকে আটক করে।