Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাজার গোলের আরও কাছে রোনালদো, নিরাপত্তা শঙ্কা কাটিয়ে আল নাসরের দারুণ জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৬ ১০:০৩ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ১১:৪৩

সৌদি আরবের রিয়াদে নিরাপত্তা সতর্কতায় এক ঘণ্টা পিছিয়ে যায় ম্যাচ। এরপর মাঠে নেমে জয় পেতে সমস্যা হয়নি আল নাসরের। উজবেকিস্তানের নেফচি ফেরগানাকে ৩-১ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে প্রথম জয় তুলে নিয়েছে সৌদি আরবের ক্লাবটি। দলের জয়ে গোল করেছেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।

এ নিয়ে পেশাদার ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যা এখন ৯৮১। হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক ছুঁতে তার আর প্রয়োজন মাত্র ১৯টি গোল।

সোমবার রিয়াদের আল-আওয়াল পার্কে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। সৌদি আরবের সিভিল ডিফেন্সের নিরাপত্তা সতর্কতার পর ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা তৈরি হয়েছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার খবর জানানো হলে খেলা শুরু হয়।

বিজ্ঞাপন

মাঠে অবশ্য প্রথমার্ধেই এগিয়ে যায় আল নাসর। ৩৩ মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের শটে গোল পায় স্বাগতিকেরা। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। সাদিও মানের বাড়ানো বল আইমান ইয়াহইয়ার কাছ থেকে পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা।

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে আলিশের ওদিলভের গোলে ব্যবধান কমায় নেফচি। তবে ৬৫ মিনিটে ইক্রমজন আলিবায়েভ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা। সেই সুযোগ কাজে লাগিয়ে ৭৮ মিনিটে আবারও গোল পায় আল-নাসর। আনভারজন গোফুরভের আত্মঘাতী গোলে ব্যবধান ৩-১ হয়ে যায়।

এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের এবারের আসরে প্রথম ম্যাচে হারের পর এই জয় আল নাসরের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের লিগ পর্বে পূর্ব ও পশ্চিম অঞ্চলের ১৬টি করে দল খেলছে। দুই অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষ আটটি করে দল জায়গা পাবে নকআউট পর্বে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর