Saturday 28 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন, চলছে ভোটগ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৬ ১২:৪১

ভোট দিতে এসেছেন চা শ্রমিকরা।

সিলেট: দীর্ঘ প্রায় আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে সিলেট, মৌলভীবাজার, ও হবিগঞ্জের ১৬৮টিসহ দেশের পাঁচ জেলার ২০ উপজেলায় অবস্থিত ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

সিলেটের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন চা শ্রমিকরা। এবারের নির্বাচনে দেশের ২৩০টি চা বাগানের ১ লাখ ৫৩ জন শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করবেন।

গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ভোটকেন্দ্রে ব্যালট পেপার, সিলসহ নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়।

বিজ্ঞাপন

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬ এর রিটার্নিং অফিসার মো. মামুনুর রশীদ বলেন, ‘নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।’

নির্বাচন কমিশনের সদস্য শ্রমকল্যাণ অধিদফতরের উপ-পরিচালক মহব্বত হোসেন বলেন, ভোটের সব প্রস্তুতি সম্পন্ন। প্রিজাইডিং অফিসাররা এরই মধ্যে ভোটের সামগ্রী নিয়ে কেন্দ্রে পৌঁছেছেন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন।

নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত শ্রম অধিদফতরের তথ্যমতে, আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে। এবারের নির্বাচনে মোট ভোটার ১ লাখ ৪৫ জন। প্রতিটি বাগানই যেহেতু একটি কেন্দ্র, সেই হিসেবে মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, চট্টগ্রাম, রাঙ্গামাটির ২০টি উপজেলার ২৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

এই নির্বাচনে প্রত্যেক ভোটার তিনটি করে প্যানেলে ভোট দেবেন। শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃত্বের জন্য একটি, প্রতিটি ভ্যালির নেতৃত্বের জন্য একটি এবং শ্রমিক যে বাগানে কাজ ও বাসবাস করেন সেখানকার পঞ্চায়েত কমিটির জন্য একটি প্যানেলে ভোট দেবেন।

এদিকে মৌলভীবাজার জেলায় সর্বাধিক ১৩৫টি বাগানে ৬০ হাজার ৪৯২ জন ভোটার রয়েছেন।

চা শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে দীর্ঘ আট বছর পর এবার আবার ভোটের মাঠে ফিরছেন চা শ্রমিকরা। স্বাভাবিকভাবেই এবারের নির্বাচনে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদক পদকে ঘিরে বিশেষ আগ্রহ রয়েছে ভোটারদের মধ্যে।

এবার সভাপতি পদে শ্রীমঙ্গলের লাখাইছড়া চা বাগানের পঙ্কজ কন্দ এবং সিলেট লাক্কাতুরা চা বাগানের রাজু গোয়ালা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রীমঙ্গলের জাগছড়া চা-বাগানের পরেশ কালিন্দি, হবিগঞ্জের চুনারুঘাটের চানপুর চা বাগানের নিপেন পাল এবং হবিগঞ্জের আমু চা বাগানের মুকেশ কর্মকার।

নির্বাচন কমিশনের কার্যালয় থেকে জানা গেছে, সভাপতি প্যানেলে থাকবেন চারজন-একজন সভাপতি, একজন কার্যকরী সভাপতি, একজন সংরক্ষিত মহিলা সহসভাপতি ও একজন সাধারণ সহসভাপতি।

সম্পাদক প্যানেলে থাকবেন একজন সাধারণ সম্পাদক, একজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন মহিলা সম্পাদক ও একজন অর্থ সম্পাদক। এই কমিটির সঙ্গে সাতটি ভ্যালি থেকে আরও ২২ জন সদস্য যুক্ত হবেন। সব মিলিয়ে কেন্দ্রীয় কমিটির পরিসর হবে ৩০ জনের।

কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি সাতটি ভ্যালি ও বাগানভিত্তিক পঞ্চায়েত কমিটির নির্বাচনও একই দিনে অনুষ্ঠিত হবে।সাতটি ভ্যালির মধ্যে সিলেট, চট্টগ্রাম, লস্করপুর ও লংলা ভ্যালিতে তিনটি করে এবং জুড়ী, বালিশিরা ও মনু-ধলাই ভ্যালিতে দুটি করে প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

এ ছাড়া ২৩০টি বাগান ও পঞ্চায়েত এলাকায় দুই থেকে পাঁচটি পর্যন্ত প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেল ভেদে কমিটির সদস্য সংখ্যাও ভিন্ন- কোথাও ১১, কোথাও ১৩ আবার কোথাও ১৫ জনের কমিটি রয়েছে। নির্বাচন সংশ্লিষ্টদের হিসাবে, সব মিলিয়ে ছয় শতাধিক প্যানেলে প্রায় সাত হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, এটি একটি বৃহৎ নির্বাচন। যারা নির্বাচিত হবেন, তারা তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন। তারা মালিকপক্ষের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা ও চুক্তির মাধ্যমে শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করবেন। তিনি বলেন, নির্বাচন আয়োজনের জন্য সরকার ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে। পাশাপাশি চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকেও ২৫ লাখ টাকা দেওয়া হয়েছে।

ভোটের দিন নিরাপত্তার জন্য প্রত্যেক কেন্দ্রে একজন এসআই ও তিনজন কনস্টেবল নিয়োজিত রয়েছেন। পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশও আছেন। নির্বাচন পরিচালনার জন্য প্রত্যেক কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার এবং প্রত্যেক বুথে দুজন করে পোলিং অফিসার থাকবেন।

উল্লেখ্য, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ বিরতির পর নির্বাচন হওয়ায় শ্রমিকদের মধ্যে এবার বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

সোনার দাম ভরিতে ছাড়ালো ২ লাখ
২৮ নভেম্বর ২০২৬ ১১:২৭

আরো

সম্পর্কিত খবর