ঢাকা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও আরব আমিরাতের ঐতিহাসিক সম্পর্ক এবং মুসলিম ভ্রাতৃত্বের গভীর বন্ধন নিয়ে বিশদ আলাপ হয়। বিশেষ করে আমিরাতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক যা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে সুসংহত হয়েছিল, তা গুরুত্বের সঙ্গে স্মরণ করা হয়।
বৈঠকে সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের প্রসঙ্গ নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়া, জনগণের সঙ্গে জনগণের নিবিড় যোগাযোগ বৃদ্ধি এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলাপ হয়। বিশেষ করে সে দেশে বাংলাদেশি কর্মীদের জন্য ট্যাক্সি ড্রাইভার ও ট্রাক ড্রাইভারের পেশায় কাজের সুযোগ সৃষ্টি ও দক্ষ শ্রমিক প্রেরণের বিষয়টি গুরুত্বের সাথে আলোচনায় উঠে আসে।
এ ছাড়া, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা জোরদার, এবং অবকাঠামো ও শিল্প খাতে নতুন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এসব ক্ষেত্রে বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করা হয়।