ঢাকা: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬১৯ জন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে কারো মৃত্যু হয়নি। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৬১৯ জনের মধ্যে বরিশাল বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ১২৪ জন, ঢাকা বিভাগে ১৯৭ জন, খুলনা বিভাগে ১০৬ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ৪৩ জন, রংপুর বিভাগে ২৮ জন এবং সিলেট বিভাগে ৮ জন রয়েছেন।
এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৫২৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, এ বছর এখন পর্যন্ত ১ লাখ ৭৮ হাজার ৭৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৬৩১ জন। বর্তমানে ৪ হাজার ৬০১ জন হাসপাতালে ভর্তি আছেন।