বাংলাদেশের বিভিন্ন প্রান্তের দুই শতাধিক কবি-সাহিত্যিক নিয়ে বগুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কবি সম্মেলন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে ফিতা কেটে সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র এ সম্মেলনের আয়োজন করে। প্রধানমন্ত্রী ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে এবারের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-কে নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এসময় অতিথিদের উত্তরীয় পড়িয়ে দেন এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও কবি সম্মেলন উদযাপন পরিষদের সদস্য সচিব কবি ইসলাম রফিক।
এতে সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি মুহম্মদ শহীদুল্লাহ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা একাডেমির উপ-পরিচালক ছড়াকার ইমরুল ইউসুফ।
উদ্বোধনের পর বগুড়া লেখক চক্রের মুখপত্র ‘ঈক্ষণ’, বেড়ে ওঠার কাগজ ‘নিওর’, স্যুভেনির এবং ২টি সেমিনার পেপার এবং মুহম্মদ শহীদুল্লাহ-র ‘নিজস্ব দুঃখগুলো’ কাব্যগ্রন্থ‘র উন্মোচন করা হয়।
কথাসাহিত্যিক ও বাচিক শিল্পী মাহফুজ ফারুক-এর সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির, পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মো. আব্দুল মজিদ প্রামাণিক, এসআরবি-১২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ, জেলা কালচারাল অফিসার মো. মাহমুদুল হাসান, বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, বগুড়া জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়কারী কে এম খায়রুল বাশার এবং বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার।
কবি সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনসহ ছিল একটি সেমিনার পর্ব ও ৩টি মুক্ত আলোচনা পর্ব এবং তিন পর্বে কবিতা ও ছড়া পাঠ। এছাড়া ছিল কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা ও তার কবিতা আবৃত্তি। সম্মেলনের ২য় দিন বিকেল ৪টায় প্রতি বছরের মতো এবছরও আটজন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৬ প্রদান করা হবে এবং তৃতীয় দিনে জিয়াবাড়ি ও মমইন পরিদর্শন করবেন কবিরা।
তিন দিনব্যাপী সম্মেলনে উদ্বোধনী ও সমাপনী ছাড়াও থাকছে দুটি সেমিনার পর্ব, পাঁচটি মুক্ত আলোচনা পর্ব এবং সাতটি স্বরচিত কবিতা/ছড়া পাঠ পর্ব।
কবি সম্মেলন উপলক্ষ্যে জেলা পরিষদ চত্বরে বসেছে মিনি বইমেলা। সেখানে পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি, শিশু একাডেমি, পল্লী উন্নয়ন একাডেমি ও শীতকালীন পিঠা।