Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পূর্বাচল প্লট দুর্নীতি / রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৬ ১৪:৫৮ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ১৮:৫৫

রায়। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সংস্থাটির সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরীসহ আটজনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ রায় দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- রাজউকের সাবেক সদস্য এস. ডি. ফয়েজ, এ. কে. এম. ওয়াহেদুল ইসলাম, এস. এম. জাফর উল্লাহ, এইচ. এম. জহুরুল হক, মো. রেজাউল করিম তরফদার এবং আম্বার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ ও আশফাক আজিজ।

বিজ্ঞাপন

রায়ে রাজউকের সাবেক ছয় কর্মকর্তাকে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। প্রত্যেক ধারায় সাত বছর করে মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের। পাশাপাশি দুই ধারায় ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

একই দুই ধারায় আম্বার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ ও আশফাক আজিজকেও সাত বছর করে মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে ২০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে বলা হয়েছে, আসামিদের আগে থেকে হাজতে থাকার সময় মূল দণ্ড থেকে বাদ যাবে। দুই ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে। তবে দণ্ডবিধির ৪২০ ধারায় আনা প্রতারণার অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই অভিযোগ থেকে আট আসামিকেই খালাস দেওয়া হয়েছে।

এ ছাড়া শওকত আজিজ ও আশফাক আজিজের নামে বরাদ্দ করা পূর্বাচল আবাসিক প্রকল্পের সেক্টর-১, রোড-৪০৫-এর ১১ ও ১৩ নম্বর প্লটের বরাদ্দ বাতিল করে প্লট দুটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার অভিযোগ অনুযায়ী, প্রভাব খাটিয়ে পূর্বাচল আবাসিক প্রকল্পে ২০ কাঠা জমির প্লট বরাদ্দ দেওয়া ও নেওয়ার ঘটনায় ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির তৎকালীন উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস বাদী হয়ে মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে শওকত আজিজ ও আশফাক আজিজের নামে পূর্বাচলে ১০ কাঠা করে মোট ২০ কাঠার দুটি প্লট বরাদ্দ দেন। এতে রাষ্ট্রের আর্থিক ক্ষতি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তদন্ত শেষে দুদক আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে মোট নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর