বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আদর্শগ্রামের স্টিল ব্রিজের নিচে লেবুভর্তি পরিত্যক্ত দু’টি বস্তা তল্লাশি করে মালিকবিহীন ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব ইয়াবার সিজারমূল্য ২ কোটি ৯৮ লাখ ৯২ হাজার টাকা।
বুধবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) একটি বিশেষ টহল দল আদর্শগ্রাম চেকপোস্টের সন্নিকটে স্টিল ব্রিজের নিচে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় বিজিবির বিশেষ টহল দল আদর্শগ্রাম চেকপোস্টের নিকটবর্তী স্টিলের ব্রিজের নিচে তল্লাশি চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় থাকা লেবুভর্তি দু’টি বস্তা থেকে মোট ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবাগুলোর বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, ‘দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।’