ঢাকা: বিএনপির সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনে প্রার্থীদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইসির নির্বাচন পরিচালনা শাখা এ সংক্রান্ত নির্দেশনা ও পরিপত্র জারি করে।
পরিপত্র অনুযায়ী, প্রার্থীদের মূল হলফনামার কপির পাশাপাশি দুই সেট ফটোকপি দাখিল করতে হবে। হলফনামায় অর্জিত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি যুক্ত করার পাশাপাশি অর্জিত ডিগ্রি বা উত্তীর্ণ পরীক্ষার নাম স্পষ্ট করে উল্লেখ করার কথা বলা হয়েছে। এই ঘর কোনোভাবেই খালি রাখা যাবে না। প্রার্থীর প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলে নিরক্ষর, স্বাক্ষর জ্ঞানসম্পন্ন কিংবা অষ্টম শ্রেণি পাস হিসেবে উল্লেখ করতে হবে। তবে প্রার্থীর কাছে সর্বশেষ সনদের অনুলিপি তাৎক্ষণিকভাবে না থাকলে, তিনি পূর্ববর্তী সনদের কপি জমা দিয়ে বিষয়টি উল্লেখ করার সুযোগ পাবেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাই, ২৮ অক্টোবর আপিল এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ নভেম্বর, প্রতীক বরাদ্দ ২ নভেম্বর এবং আগামী ১২ নভেম্বর আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নাম আসায় বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। পরবর্তীতে আসনটি শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয়, যার পরিপ্রেক্ষিতে এই উপনির্বাচনের আয়োজন করছে ইসি।