যশোর: যশোর শহরের শংকরপুর বালির মাঠ এলাকা থেকে আটটি ককটেলসদৃশ বোমা উদ্ধার করেছে এসআরবি-৬-এর সদস্যরা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে অভিযান চালিয়ে এসব বোমা উদ্ধার করা হয়। এ সময় এসআরবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দুর্বৃত্ত দৌড়ে পালিয়ে যায়। এসআরবি-৬-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে শংকরপুর বালির মাঠ এলাকায় অভিযান চালান বাহিনীর সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দুর্বৃত্ত দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি প্যাকেট থেকে পরিত্যক্ত অবস্থায় আটটি ককটেলসদৃশ বোমা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ককটেলগুলো জব্দ করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে নিয়মিত মামলা করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, ‘আমাদের কাছে গোপন সংবাদ আসে, শংকরপুর এলাকায় কিছু দুর্বৃত্ত ককটেল নিয়ে নাশকতার প্লান করছে। তাৎক্ষনিক এসআরবি-৬ সদস্যরা অভিযান চালালে দুর্বৃত্তরা দেয়াল টপকে পালিয়ে যায়। পরে একটি প্যাকেটে আটটি ককটেলসদৃশ বোমা দেখা যায়। ধারণা করছি, দুর্বৃত্তরা দুর্গাপূজা উপলক্ষ্যে কোথাও নাশকতা করার পরিকল্পনা করছিলেন। আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবির বিশেষ টহল, চেকপোস্ট ও নজরদারি অব্যাহত রয়েছে।’