Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গণতন্ত্রের ভিত সুদৃঢ় করতে হবে: পানিসম্পদমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৬ ০৮:৫৯

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

লক্ষ্মীপুর: নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা সবাই মিলে সহযোগিতা করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করাটাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি। কারণ দেশের প্রয়োজন আছে, মানুষের জন্য নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলতে হবে। গণতন্ত্রের ভিত সুদৃঢ় করতে হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত ‘লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদ’-এর বার্ষিক সাধারণ সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ২৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘১৭ বছরের বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সরকার গঠন করা হয়েছে। এই যাত্রা অনেক দূরের, যা কঠিন পরিস্থিতি মোকাবিলা করেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে। দল-মত নির্বিশেষে চেষ্টা করলে এবং অন্তত রুটিন কাজগুলো ঠিকভাবে করতে পারলেই বাংলাদেশে উন্নয়ন সম্ভব।’

তিনি বলেন, ‘বিগত ১৭-১৮ বছর দেশে কোনো ভালো পরিবেশ ছিল না। তিন বছর আগেও যা কল্পনাতীত ছিল, আজ সাধারণ মানুষ সেই স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছে। তবে রাজনৈতিক লড়াইয়ের পর এখন অভাব-অনটনের জীবনযুদ্ধে টিকে থাকার লড়াই শুরু হয়েছে। এই স্বাভাবিক জীবনটা ধরে রাখতে না পারলে শিক্ষা, সামাজিক সচেতনতা কিংবা রাজনীতির কোনো মূল্য থাকবে না।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অগ্রযাত্রার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাত্র সাড়ে তিন বছরে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন। বেগম খালেদা জিয়া সারাজীবন দেশ ও মানুষের জন্য সংগ্রাম করে গেছেন। এখন নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের মহতী উদ্যোগে দেশ নতুন যাত্রায় পরিচালিত হচ্ছে।’

মন্ত্রী সতর্ক করে বলেন, ‘পার্লামেন্টে আমরা সুন্দর আলোচনা করলেও বাইরে এসে অনেক সময় ধৈর্য হারা হয়ে পরি। এতে অনেক সময় দেশের ক্ষতি হয়ে যেতে পারে। তাই সবদিক চিন্তা করেই আমাদের সতর্ক পদক্ষেপ নিতে হবে।’

লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন এবং লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমানসহ স্থানীয় সুধীজন।

সারাবাংলা/এসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর