রাজবাড়ী: রাজবাড়ীতে পিয়ারুল সরদার নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা মধ্যপাড়া জামে মসজিদের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত পিয়ারুল সরদার রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারিপুর গ্রামের হারুন সরদারের ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মসজিদে নামাজ শেষে বের হওয়ার পর হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে পিয়ারুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকে গুলির ক্ষত ছিল।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. অনিক কুমার মণ্ডল বলেন, রাত ৭টা ৫০ মিনিটের দিকে গুলিবিদ্ধ পিয়ারুলকে হাসপাতালে আনা হয়। দ্রুত ইসিজি করার পর দেখা যায়, তিনি মারা গেছেন। এ সময় তার স্বজনেরা মরদেহ ফরিদপুরে নেওয়ার চেষ্টা করছিলেন।
পুলিশ জানায়, পিয়ারুল সরদারের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি একাধিকবার গ্রেফতারও হয়েছেন। সর্বশেষ চলতি বছরের ৪ ফেব্রুয়ারি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করে। পরে জামিনে মুক্তি পান তিনি।
রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের কয়েকটি দল কাজ করছে। পিয়ারুলের বিরুদ্ধে মোট ১৪টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশি তদন্ত চলছে।