চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামে বদর উদ্দিন (৫৪) নামের এক বিলের পাহারাদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত থেকে বুধবার (২৫ নভেম্বর) ভোরের মধ্যে কামরিয়া বিলসংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করছে পুলিশ।
নিহত বদর উদ্দিন গহেরপুর গ্রামের মাঝেরপাড়ার বাসিন্দা। তিনি মরহুম শামসুদ্দিন মণ্ডলের ছেলে।
গ্রামবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও নিজের জমি ও মাছ চুরি ঠেকাতে কামরিয়া বিলসংলগ্ন এলাকায় পাহারা দিতে যান বদর উদ্দিন। রাতে সেখানে একটি ছোটো কুঁড়েঘরে অবস্থানকালে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা।
ভোররাতে বদর উদ্দিনের ছেলে সুমন ঘটনাস্থলে গিয়ে বাবাকে রক্তাক্ত অবস্থায় পানির মধ্যে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে যান। তারা দেখতে পান, বদর উদ্দিনের মাথায় ধারালো অস্ত্রের অন্তত ১০ থেকে ১২টি কোপের চিহ্ন রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাঈল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহত ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
এ হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।