Wednesday 25 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৯ মাসেও মেলেনি প্রথম সেমিস্টারের ফল, ভোগান্তিতে শিক্ষার্থীরা

জাককানইবি করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৬ ১২:১০

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

জাককানইবি: বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৩৫ থেকে ৪০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও নয় মাসেও প্রকাশ হয়নি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ফল। দীর্ঘ এ বিলম্বে একদিকে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, অন্যদিকে আবাসিক হলে আসন বরাদ্দ না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন তারা।

গত ফেব্রুয়ারিতে প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার পর এরইমধ্যে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাও সম্পন্ন করেছেন শিক্ষার্থীরা। বর্তমানে তারা তৃতীয় সেমিস্টারের পড়াশোনা করছেন। অথচ এখনো প্রথম সেমিস্টারের ফল প্রকাশিত হয়নি। একই শিক্ষাবর্ষে ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা একাধিক সেমিস্টারের ফল হাতে পেলেও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অপেক্ষা করতে হচ্ছে প্রথম সেমিস্টারের ফলের জন্য।

বিজ্ঞাপন

ফল প্রকাশে বিলম্বের কারণে আবাসিক হলে আসন বরাদ্দ নিয়েও জটিলতায় পড়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ফল প্রকাশিত না হওয়ায় হলে আসনের জন্য আবেদন করতে পারছেন না তারা। ফলে একই সময়ে ভর্তি হওয়া অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা আবাসিক হলে আসন পেলেও নৃবিজ্ঞান বিভাগের অনেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের বাইরে মেস কিংবা ভাড়া বাসায় থাকতে হচ্ছে। এতে প্রতি মাসে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এ ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘ফেব্রুয়ারি মাসে প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ করেছি, কিন্তু এখনো ফল পাইনি। এতে আমরা নানা ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছি। ফল না পাওয়ার কারণে হলে আসনের জন্য আবেদন করতে পারছি না। বাইরে মেসে থাকা আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।’

একই শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের সঙ্গে একই সময়ে ভর্তি হওয়া অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের ফল পেয়েছেন। তারা এখন তৃতীয় সেমিস্টারের পরীক্ষাও দিচ্ছেন। অথচ আমাদের এখনো প্রথম সেমিস্টারের ফলই প্রকাশ করা হয়নি।’

ফল প্রকাশে বিলম্বের কারণ জানতে চাইলে নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান স্বপ্না পাপুল বলেন, ‘খাতা মূল্যায়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বহিঃপরীক্ষকের (এক্সটার্নাল) কাছে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি দেশের বাইরে চলে যাওয়ায় খাতা ফেরত পেতে দেরি হয়। পরে গত আগস্ট মাসে ফল পরীক্ষা নিয়ন্ত্রক দফতরে পাঠানো হলেও বিভিন্ন জটিলতার কারণে একাধিকবার সংশোধনী দিতে হয়েছে। ফলে পুরো প্রক্রিয়াটি দীর্ঘায়িত হয়েছে। আমিও বিষয়টি নিয়ে অত্যন্ত হতাশ। আমিও চাই, আমার শিক্ষার্থীরা দ্রুত ফল পাক।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হুমায়ুন কবির প্রথমে বিস্ময় প্রকাশ করেন। পরে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে তিনি দেখতে পান, নৃবিজ্ঞান বিভাগের প্রথম সেমিস্টারের ফল এখনো চূড়ান্তভাবে প্রকাশিত হয়নি। এ সময় বিভাগীয় প্রধানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, গত আগস্ট মাসেই ফল পরীক্ষা নিয়ন্ত্রক দফতরে পাঠানো হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের কর্মকর্তাদের কাছে ফল প্রকাশে বিলম্বের কারণ জানতে চাইলে তারা কারিগরি সমস্যার কথা জানান। পরে এ জটিলতা নিরসনে পরদিন সকাল ১১টায় বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠকের কথা জানান ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক। বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধান করে দ্রুত ফল প্রকাশের আশ্বাসও দেন তিনি।

এদিকে, পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের নির্দেশনা অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশের আগে তৃতীয় সেমিস্টারের কার্যক্রম শুরু করার সুযোগ নেই। নিয়ম অনুযায়ী, জোড় সেমিস্টারের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত পরবর্তী সেমিস্টারের কার্যক্রম শুরু করা যায় না।

দীর্ঘদিন ধরে ফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অ্যাকাডেমিক অনিশ্চয়তার পাশাপাশি সম্ভাব্য সেশনজটের আশঙ্কাও বাড়ছে। বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের মধ্যে আলোচনা করে জটিলতা নিরসনের উদ্যোগ নেওয়া হলেও ফল প্রকাশের নির্দিষ্ট সময়সীমা এখনো জানানো হয়নি। ফলে কবে নাগাদ প্রথম সেমিস্টারের ফল হাতে পাবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর