Wednesday 25 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পল্লী বিদ্যুতের সক্ষমতা বাড়াতে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৬ ১১:৩৪

একনেকের আজকের সভায় উথ্থাপন করা হতে পারে পল্লী বিদ্যুতের ২টি প্রকল্প।

ঢাকা: ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৩২টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে ১৩ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয়ে প্রকল্প দুটি হাতে নিচ্ছে সরকার। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উদ্যোগে নেওয়া এসব প্রকল্প বাস্তবায়িত হলে নতুন উপকেন্দ্র ও বিতরণ লাইন নির্মাণের মাধ্যমে জাতীয় গ্রিডে ২ হাজার ৬৮১ এমভিএ বাড়তি বিদ্যুৎ বিতরণ সক্ষমতা যুক্ত হবে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে ওই সভায় পল্লী বিদ্যুতের এই দুটি বড় প্রকল্প চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে ।

বিজ্ঞাপন

বাপবিবোর উদ্যোগে নেওয়া এ দুই প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে প্রায় ৮ হাজার ৯৪৪ কোটি টাকা বা ৭৩১ মিলিয়ন ডলার আসবে বিদেশি ঋণ থেকে। এশীয় উন্নয়ন ব্যাংক এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এই ঋণের জোগান দেবে।

প্রকল্পের নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ ব্যবস্থার ক্ষমতাবর্ধনে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬০১ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৯৬২ কোটি ৯৩ লাখ টাকা, এডিবির ঋণ থেকে ২০০ মিলিয়ন ডলার বা প্রায় ২ হাজার ৪৫৫ কোটি টাকা এবং বাপবিবোর নিজস্ব তহবিল থেকে ১ হাজার ১৮৩ কোটি টাকা জোগান দেওয়া হবে।

নথি অনুযায়ী, ঢাকার পার্শ্ববর্তী এই ১৩টি সমিতিতে ২০৩৩ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা বেড়ে ৯ হাজার ৭৬০ এমভিএতে দাঁড়াবে। বর্তমানে চলমান প্রকল্পসহ সক্ষমতা রয়েছে ৬ হাজার ৯৩০ এমভিএ; ফলে ঘাটতি থাকছে ২ হাজার ৮৩০ এমভিএ। প্রস্তাবিত প্রকল্পের আওতায় ৫২টি নতুন উপকেন্দ্র নির্মাণ ও ১২টি উপকেন্দ্রের ক্ষমতা বাড়িয়ে ১ হাজার ২৬৫ এমভিএ এবং তিনটি উপকেন্দ্রে অতিরিক্ত ট্রান্সফরমার বসিয়ে আরও ৩০ এমভিএ—সব মিলিয়ে ১ হাজার ২৯৫ এমভিএ সক্ষমতা বাড়ানো হবে। এর পাশাপাশি ৪ হাজার ২০০ কিলোমিটার বিতরণ লাইন নির্মাণ ও সংস্কার করা হবে।

অন্যদিকে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতির অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৭৯ কোটি টাকা। এতে সরকার দেবে ১ হাজার ২৮২ কোটি টাকা, বাপবিবো নিজস্ব তহবিল থেকে দেবে ১ হাজার ২০৭ কোটি টাকা এবং বাকি ৫৩১ মিলিয়ন ডলার বা প্রায় ৬ হাজার ৪৮৯ কোটি টাকা ঋণ দেবে এআইআইবি।

চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ১৯টি সমিতিতে ২০৩১ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা দাঁড়াবে ৭ হাজার ৩৭০ এমভিএ। বিপরীতে বর্তমান সক্ষমতা রয়েছে ৫ হাজার ২৯৪ এমভিএ, ফলে ঘাটতি থাকছে ২ হাজার ৭৬ এমভিএ। এ ঘাটতি মেটাতে ৯০টি নতুন উপকেন্দ্র নির্মাণের মাধ্যমে ১ হাজার ৩৮৬ এমভিএ সক্ষমতা বাড়ানো হবে। পাশাপাশি ২৩ হাজার ৪৩৮ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ ও উন্নয়ন, ছয়টি সুইচিং স্টেশন এবং কুমিল্লা ও চট্টগ্রাম জোনে আধুনিক স্ক্যাডা ব্যবস্থা স্থাপন করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্প দুটির মাধ্যমে বিতরণ ব্যবস্থায় আধুনিক ফল্ট লোকেটর স্থাপন করা হবে, যা বিদ্যুৎ বিভ্রাটের কারণ দ্রুত শনাক্ত করে নিরবচ্ছিন্ন সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করবে। এ ছাড়া, প্রকল্প বাস্তবায়ন শেষে ঢাকার পার্শ্ববর্তী এলাকায় সিস্টেম লস ৫ দশমিক ১ শতাংশ থেকে কমিয়ে ৪ দশমিক ৫৭ শতাংশে এবং চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ১০ দশমিক ৩৫ শতাংশ থেকে ৮ দশমিক ৪০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

একনেকের তথ্য অনুযায়ী, আজকের সভায় নতুন চারটি ও সংশোধিত ১০টিসহ মোট ১৪টি প্রকল্প অনুমোদনের জন্য উঠছে। বিদ্যুৎ ছাড়াও এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ, সংস্কৃতি, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও সড়ক পরিবহন বিভাগের একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি পরিকল্পনামন্ত্রী কর্তৃক এর আগে অনুমোদিত সাতটি প্রকল্পের বিষয়ে সভায় একনেক সদস্যদের অবহিত করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর