Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘প্রকল্পের মেয়াদ বাড়লে ব্যয়ও বাড়ে, অপচয় হয় রাষ্ট্রের অর্থ’

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৬

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

মানিকগঞ্জ: পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, প্রকল্পের মেয়াদ বাড়লে ব্যয়ও বাড়ে। এতে রাষ্ট্রের অর্থের অপচয় হয়। তাই নির্ধারিত সময়ে, সাশ্রয়ী ব্যয়ে ও যথাযথভাবে প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের ভাষীয়ালি-কৃষ্টপুর এলাকায় ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্প পরিদর্শন শেষে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রকল্পের প্রতিটি টাকার হিসাব থাকতে হবে। প্রকল্পের সুফল যেন মানুষ প্রকৃত অর্থে পান, তা নিশ্চিত করতে হবে। যেহেতু এটি জনগণের অর্থ, তাই অর্থ ব্যয়ে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা আবশ্যক।’

বিজ্ঞাপন

আঞ্চলিক বৈষম্য দূর করা সরকারের গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকার উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, দেশের কোনো অঞ্চল উন্নয়ন থেকে বাদ যাবে না। সারাদেশের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানো সরকারের অঙ্গীকার। জুলাই সনদ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে মানিকগঞ্জেও পরিবর্তন আসবে।

নিরাপদ পানি সরবরাহ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘নিরাপদ পানি সবার জন্য নিশ্চিত করতে হবে। সারাদেশে নিরাপদ পানি সরবরাহের জন্য গভীর নলকূপ স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় প্রকল্প পরিদর্শন করা হবে।’

তিনি আরও বলেন, ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো সরকারের নীতি। নদী, নালা ও বৃষ্টির পানি যাতে কাজে লাগানো যায়, সে লক্ষ্যেও কাজ চলছে। ভূগর্ভস্থ ও ভূ-উপরিস্থ পানির সমন্বয়ের মাধ্যমে নিরাপদ পানির ব্যবস্থা করতে হবে।

প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি বন্ধের বিষয়ে জোনায়েদ সাকি বলেন, সরকার দুর্নীতি বন্ধে কাজ করছে। ভবিষ্যতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা দেওয়ার ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের নির্বাচন করা হবে। এসব সুবিধা দেওয়ার ক্ষেত্রে কোনো দলীয়করণ করা হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে সব যোগ্য ব্যক্তিকে এসব সুবিধার আওতায় আনা হবে।

নাগরিকদের জন্য ইউনিক আইডি চালুর উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রত্যেক নাগরিককে একটি নম্বরের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রত্যেকের একটি ইউনিক আইডি থাকবে। জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়েই এ কার্যক্রম শুরু হতে পারে। এর মাধ্যমে নাগরিকদের বিভিন্ন সমস্যা কমানো সম্ভব হবে।’

বিগত সরকারের সময়ে গড়ে ওঠা অনিয়ম ও কুঅভ্যাস সংস্কারের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, রাতারাতি পুরো ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়। ধাপে ধাপে এসব সংস্কার বাস্তবায়ন করা হবে। সরকারের সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করতেই নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ সময় ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. হানিফ, উপপ্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, মানিকগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গাজী ফাতিমা ফেরদৌস, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলামসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর