সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রগুলোর সুরক্ষা ও সহায়তার জন্য মিশরীয় সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় অনুমোদন দিতে সংসদে জরুরি অধিবেশন ডেকেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
নতুন প্রশাসনিক রাজধানীতে অবস্থিত মিশরীয় সামরিক একাডেমির নতুন সদর দফতরে আয়োজিত প্রথম ব্যাচের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানায় মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।
এতে বলা হয়, সিসি জানিয়েছেন, প্রস্তাবিত এই পদক্ষেপটি হবে সম্পূর্ণ আত্মরক্ষামূলক, আক্রমণাত্মক নয়।
তিনি জোর দিয়ে বলেন, মিশর উপসাগরীয় রাষ্ট্রগুলোকে একা ফেলে দেবে না; বরং যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে সমন্বয় বজায় রাখবে।
এ সময় আল-সিসি ২০১১ ও ২০১৩ সালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের দেওয়া আর্থিক, লজিস্টিক ও সামরিক সহায়তার কথা স্মরণ করেন—যার মধ্যে তেল, গম ও গ্যাস অন্যতম ছিল। তিনি দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহায়তাকে মিশরের জন্য ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেন।
এসময় তিনি সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর যেকোনো ধরনের আঘাতের বিরুদ্ধে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন। একই সাথে, লোহিত সাগর ও আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তার ওপর যেকোনো হুমকির তীব্র বিরোধিতা করেন। সৌদি আরবের নিরাপত্তা বজায় রাখা এবং উত্তেজনা প্রশমনের ওপর বিশেষ গুরুত্বারোপও করেন সিসি।