Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মহাসপ্তমীর দ্বিতীয় দিন আজ, দেবী আরাধনায় মুখরিত পূজা মণ্ডপ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৬ ১২:১০

‎ঢাকা: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ রোববার (১৭ অক্টোবর)। পঞ্জিকা ও তিথিচক্রের বিশেষ গাণিতিক বিন্যাসের কারণে এ বছর মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা ও ব্যাপ্তি দুই দিনজুড়ে বিস্তৃত। গতকালের পর আজ রোববারও মণ্ডপে মণ্ডপে চলছে মহাসপ্তমীর পূজা-অর্চনা, অঞ্জলি প্রদান ও ভক্তদের মায়ের চরণ বন্দনা।

মহাসপ্তমীর এ বর্ধিত তিথিতে ভোর ৬টা ৬ মিনিট থেকে ৬টা ২১ মিনিট পর্যন্ত ছিল শুক্লা সপ্তমী। সেসময় কল্পারম্ভ ও বিহিত পূজা সম্পন্ন হয়। দেবীকে বেল পাতা পুষ্পার্ঘ ও ভোগ অর্পণ করেন পূজারীরা। মন্ত্র উচ্চারণে শেষ হয় মহাসপ্তমীর বাকি আচার। সকাল ৯টা থেকে ভক্তদের অঙ্গলি দানের উন্মোচন করা হয় মণ্ডপ।
‎
‎‎প্রতিটি পূজা মণ্ডপ ও মন্দির প্রাঙ্গণে সকাল থেকেই ঢাক-কাঁসর, শাঁখ, ধূপের ধোঁয়া আর চণ্ডীপাঠের সুরের মূর্ছনায় এক পরম পবিত্র পরিবেশের সৃষ্টি হয়েছে। ভক্তরা পরিবার-পরিজন নিয়ে দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করছেন এবং জগতের সার্বিক কল্যাণ ও শান্তি কামনায় প্রার্থনা জানাচ্ছেন।

বিজ্ঞাপন

কেন এবার সপ্তমী দুই দিন?
‎
‎সনাতন শাস্ত্র ও পঞ্জিকা বিশেষজ্ঞদের মতে, হিন্দু পঞ্জিকায় তিথির হিসাব মূলত চন্দ্রের গতিপথের ওপর নির্ভর করে নির্ধারণ করা হয়। সাধারণ নিয়মে প্রতিদিন সূর্যোদয়ের সময় যে তিথি বহাল থাকে, সেটিকে সারাদিনের প্রধান তিথি হিসেবে বিবেচনা করা হয় (যাকে শাস্ত্রে সূর্যোদয়কালীন তিথি বলা হয়)।
‎
‎তবে কোনো কোনো বছর চন্দ্রের গতির কারণে একটি নির্দিষ্ট তিথির স্থায়িত্বকাল ২৪ ঘণ্টার চেয়ে বেশি হয়ে যায় বা পরপর দুই দিনের সূর্যোদয় স্পর্শ করে। এ বছর সপ্তমী তিথি শুরু হওয়ার পর থেকে পরবর্তী দিন সকাল পর্যন্ত তা স্থায়ী হওয়ায় পর পর দুই দিনই (শনিবার ও রোববার) সূর্যোদয়ের মুহূর্তে সপ্তমী তিথি বিদ্যমান থাকছে। ফলে দুই দিন ধরেই পালিত হচ্ছে মহাসপ্তমী।
‎
‎বিশুদ্ধ সিদ্ধান্ত ও বিভিন্ন পঞ্জিকা সূত্র অনুযায়ী, তিথির এই দীর্ঘ ব্যাপ্তির কারণে সনাতন ধর্মাবলম্বীদের উদযাপনেও যুক্ত হয়েছে বাড়তি আনন্দ।
‎
দেশজুড়ে উৎসবে মাতোয়ারা ভক্তরা
‎
‎রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মঠ ও মিশন, কলাবাগান মাঠ, কালী মন্দির, পুরান ঢাকার জগন্নাথ হলসহ সারা দেশের মণ্ডপগুলোতে আজ উৎসবের আমেজ তুঙ্গে। মণ্ডপে মণ্ডপে দেবীর ষোড়শোপচারে পূজা পালন শেষে প্রসাদ বিতরণ করা হচ্ছে।
‎
‎আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক নজরদারির পাশাপাশি প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবকদের উপস্থিতি দেখা গেছে, যাতে দর্শনার্থীরা নিরাপদে ও শান্তিতে দেবী দর্শন করতে পারেন।
‎
‎উল্লেখ্য, পঞ্জিকানুসারে দেবী দুর্গা এবার মর্ত্যে আগমন করেছেন ঘোটকে (ঘোড়া) চড়ে এবং মর্ত্যলোক ছাড়বেন নৌকায় চেপে। মহাসপ্তমীর দুই দিনের মাহাত্ম্য শেষে আগামীকাল সোমবার মহাঅষ্টমী ও ঐতিহ্যবাহী কুমারী পূজা অনুষ্ঠিত হবে।

‎ সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর