লাল পেড়ে সাদা শাড়ি, মাথায় রাজকীয় মুকুট আর হাতে পদ্মফুল— সব মিলিয়ে দেবী দুর্গার রূপে ধরা দিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। তার এই বিশেষ সাজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। রোববার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দুর্গার সাজে একটি ভিডিও প্রকাশ করেন পরীমনি। ভিডিওতে তার সাজসজ্জায় ফুটে উঠেছে দুর্গাপূজার চিরচেনা আবহ।
ঐতিহ্যবাহী লাল-সাদা শাড়ি, মাথার মুকুট ও হাতে পদ্মফুল— সবকিছুতেই ছিল নান্দনিকতার ছাপ। ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’
পরীমনির এই ব্যতিক্রমী রূপ প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় প্রশংসা। ভক্ত ও অনুসারীরা মন্তব্যের ঘরে ভালোবাসা প্রকাশের পাশাপাশি তার সৌন্দর্য ও সাজের প্রশংসা করছেন। একজন লিখেছেন, ‘পরী সব সাজেই পরী’। আরেকজন মন্তব্য করেছেন, ‘পুরো দুর্গা। দ্য ডিভা’।
এক অনুসারী লিখেছেন, কয়েক দিন আগেই ভেবেছিলেন, দুর্গার সাজে পরীমনিকে বেশ সুন্দর লাগবে। এবার সেই সাজে তাকে দেখে ভালো লাগার কথাও জানিয়েছেন তিনি।
ভিডিওটি প্রকাশের মাত্র এক ঘণ্টার মধ্যে পোস্টটিতে ৪৮ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে। পাশাপাশি মন্তব্যের সংখ্যাও ছাড়িয়ে যায় ছয় হাজার পাঁচশ। সব মিলিয়ে পরীমনির এই বিশেষ ফটোশুট ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
অভিনয়ের পাশাপাশি নিজের উপস্থিতি ও ফ্যাশন স্টাইলের কারণেও প্রায়ই আলোচনায় থাকেন পরীমনি। বিভিন্ন সময়ে ভিন্নধর্মী সাজে হাজির হয়ে ভক্তদের নজর কাড়েন তিনি। এবার দুর্গার সাজেও তার ব্যতিক্রম ঘটেনি।
এদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়িকা। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এ অভিনয় করছেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। সম্প্রতি ওয়েব ফিল্মটির শুটিং করেছেন পরীমনি। তবে এটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।