Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৬০ হাজার কোটি টাকার ১৫ স্কিমে ২৫ শতাংশ অর্থ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৬ ১৬:১৫

বাংলাদেশ ব্যাংক। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার ১৫টি পুনঃঅর্থায়ন ও প্রাক্‌-অর্থায়ন স্কিমের আওতায় অর্থ বিতরণ চলমান রয়েছে। গত ১৫ অক্টোবর পর্যন্ত এসব স্কিমের বিপরীতে বিতরণ করা অর্থের পরিমাণ ১৪ হাজার ৫১৯ কোটি ৭৯ লাখ টাকা বা প্রায় ২৫ শতাংশ। তবে সব স্কিমে অর্থ বিতরণের অগ্রগতি সমান নয়। কোনো কোনো স্কিমে বরাদ্দের চেয়ে বেশি অর্থ বিতরণ করা হয়েছে, আবার কয়েকটি স্কিমে এখনো কোনো অর্থই দেওয়া হয়নি।

বাংলাদেশ ব্যাংকের রোববারের (১৫ অক্টোবর) হালনাগাদ তথ্যানুযায়ী, ১৫টি স্কিমের বিপরীতে মোট বরাদ্দ ৬০ হাজার কোটি টাকা। এর মধ্যে ১১ হাজার ৯৫৯ কোটি ৮২ লাখ টাকা বিতরণ করা হয়েছে এবং ২ হাজার ৫৫৯ কোটি ৯৭ লাখ টাকা বিতরণ প্রক্রিয়াধীন রয়েছে। সব মিলিয়ে বিতরণ ও প্রক্রিয়াধীন অর্থের পরিমাণ ১৪ হাজার ৫১৯ কোটি ৭৯ লাখ টাকা।

বিজ্ঞাপন

স্কিমগুলোর মধ্যে প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমে সবচেয়ে বেশি অর্থ বিতরণ হয়েছে। ৫ হাজার কোটি টাকার এই স্কিমের বিপরীতে বিতরণ করা হয়েছে ৬ হাজার ৯১৭ কোটি টাকা। কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির বিশেষ স্কিমে ৫ হাজার কোটি টাকার বিপরীতে বিতরণ হয়েছে ২ হাজার ৫০০ কোটি টাকা।

চলতি মূলধন জোগাতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি (সিএমএসএমই) খাতের পুনঃঅর্থায়ন স্কিমে ৫ হাজার কোটি টাকা বরাদ্দের বিপরীতে বিতরণ হয়েছে ৯০৭ কোটি ৭৩ লাখ টাকা। অন্যদিকে, বন্ধ শিল্প ও সেবা খাতকে সহায়তা দিতে ২০ হাজার কোটি টাকার প্রাক্‌-অর্থায়ন স্কিমে বিতরণ হয়েছে ৫৬০ কোটি ৯৩ লাখ টাকা। এই স্কিমে ৯২৯ কোটি ৫০ লাখ টাকা বিতরণ প্রক্রিয়াধীন রয়েছে।

সৃজনশীল অর্থনীতির (ক্রিয়েটিভ ইকোনমি) জন্য ৫০০ কোটি টাকার স্কিমের পুরো অর্থই বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে বিতরণ হয়েছে মাত্র ২৯২ কোটি ৯০ লাখ টাকা।

বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১ হাজার কোটি টাকার স্কিম থেকে বিতরণ হয়েছে ২০০ কোটি টাকা। দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকার স্কিমে বিতরণ হয়েছে ৪৮ কোটি ৬৭ লাখ টাকা।

স্টার্টআপ খাতে অর্থায়নের জন্য ৫০০ কোটি টাকার স্কিমে বিতরণ হয়েছে ৩২ কোটি ৫৯ লাখ টাকা। এ স্কিমে আরও ৫ কোটি টাকা বিতরণ প্রক্রিয়াধীন রয়েছে। ফলে বিতরণ ও প্রক্রিয়াধীন অর্থ মিলিয়ে দাঁড়িয়েছে ৩৭ কোটি ৫৯ লাখ টাকা।

বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১ হাজার কোটি টাকার প্রাক্‌-অর্থায়ন স্কিমের পুরো অর্থ বিতরণ প্রক্রিয়াধীন রয়েছে। একইভাবে গ্রিন ফ্যাক্টরি নির্মাণ ও গ্রিন ইন্ডাস্ট্রিজ খাতের ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে ৫২৭ কোটি ৪৭ লাখ টাকা এবং চামড়াজাত পণ্য ও পাদুকা রপ্তানিমুখী খাতের ২ হাজার কোটি টাকার স্কিমে ৯৮ কোটি টাকা বিতরণ প্রক্রিয়াধীন রয়েছে।

তবে রফতানি বহুমুখীকরণ খাতের ৩ হাজার কোটি টাকা, গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে ১ হাজার কোটি টাকা এবং হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রফতানিমুখী খাতে ২ হাজার কোটি টাকার স্কিমে এখনো কোনো অর্থ বিতরণ হয়নি।

বাংলাদেশ ব্যাংকের এ তথ্য থেকে দেখা যায়, ১৫টি স্কিমের মধ্যে কয়েকটিতে অর্থ বিতরণে উল্লেখযোগ্য অগ্রগতি থাকলেও কৃষি, স্টার্টআপ ও রফতানি বহুমুখীকরণের মতো কয়েকটি খাতে বিতরণ তুলনামূলক কম। আবার তিনটি স্কিমে এখনো বিতরণ শুরু হয়নি।