Tuesday 20 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে পিয়ারুল হত্যা মামলায় গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৬ ১১:২২

গ্রেফতারকৃত আসামি।

রাজবাড়ী: রাজবাড়ীতে চাঞ্চল্যকর পিয়ারুল হত্যা মামলায় মো. সুমন মণ্ডল (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর সোমবার (১৯ অক্টোবর) বিকেলে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সোমবার (১৯ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ। এর আগে রোববার (১৮ অক্টোবর) রাতে রাজবাড়ী সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে ফরিদপুরের মধুখালী উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুমন মণ্ডল রাজবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সজ্জনকান্দা মারকাজ মসজিদ এলাকার আব্দুল কাদেরের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৭টা ৩৫ মিনিটে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদে এশার নামাজ শেষে মসজিদের উত্তর পাশের গেটসংলগ্ন পাকা রাস্তায় দাঁড়িয়ে ছিলেন পিয়ারুল। এ সময় দু’টি মোটরসাইকেলে করে চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেখানে আসেন। এক মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র দিয়ে পিয়ারুলকে লক্ষ্য করে পর পর দুই রাউন্ড গুলি ছোড়েন। এর মধ্যে একটি গুলি তার বুকের বামপাশে লাগে। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় পড়ে গেলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন পিয়ারুলকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে অ্যাম্বুলেন্সে করে নেওয়ার পথে রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড় অতিক্রম করার সময় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত পিয়ারুলের স্ত্রী বাদী হয়ে ১৭ অক্টোবর রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ‘ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত শুরু করে। পাশাপাশি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ফরিদপুরের মধুখালী থেকে সুমন মণ্ডলকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতারকৃত সুমন মণ্ডলকে সোমবার দুপুরের পর আদালতে পাঠানো হলে তিনি বিজ্ঞ বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি মূলত হত্যাকাণ্ডে তথ্যদাতা হিসেবে কাজ করেছেন। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর