ঢাকা: জাতীয় পরিচয়পত্র পেতে নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে বায়োমেট্রিক (আঙুলের ছাপ) না দিলে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে দেবে নির্বাচন কমিশন (ইসি)।
ইতোমধ্যে মঙ্গলবার (২০ অক্টোবর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ ব্যবস্থা চালু করতে সিস্টেম ম্যানেজারকে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।
নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধনের জন্য অনলাইন আবেদন করার পর সংশ্লিষ্ট আবেদনকারী বায়োমেট্রিক দিতে না আসলে একটি নির্দিষ্ট সময় পর আবেদনটি সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করার ব্যবস্থা করতে হবে।
এদিকে, ২০১২ সাল হতে মাঠপর্যায়ের অফিসসমূহে সংরক্ষিত স্ক্যান ও আপলোডকৃত ভোটার নিবন্ধন ফরম (ফরম-২) এবং গোডাউনে রক্ষিত অপ্রয়োজনীয় ও নিষ্পত্তিযোগ্য দ্রব্যাদি ৩১ অক্টোবর মধ্যে নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
তবে, ৩১ ডিসেম্বর ২০১১ তারিখ পর্যন্ত সংরক্ষিত ফরম-২ পূর্বের ন্যায় অফিসে সংরক্ষণ করতে হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট কাগজপত্র নিষ্পত্তির ক্ষেত্রে তা মণ্ড তৈরিতে ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে হবে। এজন্য সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এনআইডি মহাপরিচালককে সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন সিনিয়র সচিব আখতার আহমেদ।
নিবন্ধনের পর আঙুলের ছাপ না দিলে আবেদন বাতিল
সিনিয়র করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৬ ১৭:০৬
২০ অক্টোবর ২০২৬ ১৭:০৬
সারাবাংলা/এনএল/এমএম