খুলনা: খুলনায় মো. তুষার (২৭) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তুষার লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদ্রাসার সামনে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তুষার মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে আসার সময় আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান। তার মরদেহের পাশে কালো রঙের নম্বরপ্লেট বিহীন আর-১৫ মোটরসাইকেল পড়ে ছিল।
খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।