Friday 23 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তরুণদের মাদক-মোবাইল আসক্তি-হতাশা থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৬ ২৩:১০ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ২৩:২১

ঢাকা: মাদকাসক্তি, মোবাইলের অতিরিক্ত ব্যবহার ও হতাশা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এসব আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে মাঠে খেলার সুযোগ তৈরি করতে হবে, তৃণমূল থেকে প্রতিভা তুলে আনতে হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নিজস্ব পরিচয় গড়ে তুলতে হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে ‘আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাষ্ট্রপতি।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অন্য দেশের সাফল্যে মুগ্ধ হয়ে থাকার পরিবর্তে নিজেদের খেলোয়াড় তৈরির ওপর জোর দেন রাষ্ট্রপতি। বিশ্বকাপের সময় বাংলাদেশে ব্রাজিল, আর্জেন্টিনার মতো বিভিন্ন দেশকে নিয়ে উন্মাদনা থাকে ব্যাপক। সেই প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি বলেন, ‘আর কত দিন আমরা আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের দিকে তাকিয়ে থাকব? আমাদের নিজেদের খেলোয়াড় তৈরি করতে হবে এবং নিজেদের দেশকে আন্তর্জাতিক অঙ্গনে সফল করে তুলতে হবে।’

রাষ্ট্রপতির মতে, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণদের শৃঙ্খলা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস গড়ে তোলে। সুস্থ জাতি গঠন এবং তরুণদের মাদক ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিসর বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

খেলাধুলার সুযোগ বাড়ানোর জন্য মাঠের সংকট দূর করাকে গুরুত্বপূর্ণ মনে করেন রাষ্ট্রপতি। প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির সরকারি উদ্যোগের কথা তুলে ধরে তিনি মাঠগুলো অবৈধ দখলমুক্ত রেখে সংরক্ষণের আহ্বান জানান। পাশাপাশি নতুন মাঠের জন্য উপযুক্ত জায়গা চিহ্নিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।

প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর অবদান স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, দেশের ক্রীড়াঙ্গনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, বিশেষ করে ক্রিকেটের উন্নয়নে তাঁর অবদান উল্লেখযোগ্য। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের ক্রীড়ানুরাগের কথাও স্মরণ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান, অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবের, সাধারণ সম্পাদক আলী ইমাম তপনসহ ক্রীড়া সংগঠকেরা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর