Sunday 25 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২৮ অক্টোবর ঘিরে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৬ ১২:৫০ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ১২:৫৫

ঢাকা: ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় লগি-বৈঠার তাণ্ডবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে ২৭ অক্টোবর ঢাকায় আলোচনা সভা এবং ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া।

শনিবার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার নজিরবিহীন তাণ্ডব ও নৃশংসতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক ও কালো অধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেদিনের নির্মম হত্যাকাণ্ড ও নৈরাজ্যের মধ্য দিয়েই দেশে দীর্ঘ দুই দশকের ফ্যাসিবাদ, গণতন্ত্র হত্যা ও নাগরিক অধিকার হরণের বিষবৃক্ষ রোপিত হয়েছিল।

বিজ্ঞাপন

তিনি বলেন, ঐতিহাসিক এ ঘটনার দুই দশক পূর্তি হতে যাচ্ছে। অথচ আজও হত্যাকারীদের বিচার হয়নি, যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। এ পৈশাচিক ও বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

বিবৃতিতে ঘোষিত কর্মসূচির বিবরণ দিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জামায়াতের আমির প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। আর ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া কর্মসূচি পালন করা হবে।

দলের সব শাখাকে এসব কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে বিবৃতিতে তিনি বলেন, ঘোষিত কর্মসূচি সফল করতে কৃষক-শ্রমিক, ছাত্র-জনতাসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।

সারাবাংলা/এমএমএইচ/ এএ