Sunday 25 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ৬ বিষয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৬ ১২:৩৭

ঢাকা: সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ৬টি বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। এ বিষয়ে ১৯ অক্টোবর জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখায় একটি কূটনৈতিক পত্র পাঠিয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষের জবাব এখনো পাওয়া যায়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ১৯ অক্টোবর জেদ্দায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফরিদ বিন সাদ আল সেহেরির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন। ওই বৈঠকে তিনি সৌদি কর্তৃপক্ষের কাছে পাঠানো কূটনৈতিক পত্রটি হস্তান্তর করেন। এতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে ৬টি নির্দিষ্ট বিষয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

সেগুলো হলো-
১. তারা কী ধরনের অপরাধ করেছিলেন, ঘটনাগুলো কবে ও কোথায় ঘটেছিল এবং তাদের কবে গ্রেপ্তার করা হয়েছিল?
২.দুই বাংলাদেশির বিরুদ্ধে দেওয়া রায়ের সত্যায়িত অনুলিপি সরবরাহ করা।
৩. মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি: কীভাবে দণ্ড কার্যকর করা হয়েছে-প্রকাশ্যে তলোয়ার দিয়ে শিরশ্ছেদ, নাকি অন্য কোনো পদ্ধতিতে?
৪. মৃত্যুদণ্ড কার্যকরের পর তাদের মরদেহ কোথায় রাখা হয়েছে?
৫. মরদেহ বাংলাদেশে পাঠানো হবে, নাকি সৌদি আরবেই দাফন করা হয়েছে?
৬. তদন্ত ও বিচার চলাকালে তাঁদের পক্ষে আইনজীবী নিয়োগ করা হয়েছিল কি না এবং তারা নিজেরা আইনি সহায়তা চেয়েছিলেন কি না?

কনস্যুলেটের চিঠিতে এসব প্রশ্নের দ্রুত জবাব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সূত্র জানায়, সৌদি আরব গত ৩০ সেপ্টেম্বর প্রায় আড়াই হাজার বন্দির একটি তালিকা পাঠিয়েছিল। ওই তালিকায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশিসহ মোট ২২ জন বাংলাদেশির দণ্ডিত হওয়ার তথ্য ছিল। তবে তাদের সুনির্দিষ্ট শাস্তির বিবরণ উল্লেখ করা হয়নি।

এ কারণে তালিকায় থাকা ২০ জন বাংলাদেশির বিষয়ে শাস্তির ধরন ও সংশ্লিষ্ট তথ্য জানতে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। এদিকে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে পাঠানো কূটনৈতিক পত্রের জবাব এখনো আসেনি। বাংলাদেশ সরকার সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর মক্কা অঞ্চলে বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিচারকের স্বেচ্ছাধীন শাস্তির আওতায় তাদের এ দণ্ড দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর