স্প্যানিশ লা লিগার ম্যাচে আজ রাতে মুখোমুখি হওয়ার কথা দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। দুই চিরপ্রতিদ্বন্দ্বী মাঠে মুখোমুখি হওয়া মানেই ফুটবলবিশ্বে বাড়তি উন্মাদনা। ‘এল ক্লাসিকো’ নিয়েই উত্তাপ ছড়ানোর কথা ছিল ফুটবলে। কিন্তু ম্যাচের আগের রাতে বার্সেলোনার রাজপথে ছড়িয়ে পড়ে সহিংসতা। বার্সেলোনার রাজপথে দাঙ্গা-ভাঙচুর, আগুন ও পুলিশের সঙ্গে সংঘর্ষের মতো ঘটনার খবর জানা যাচ্ছে। এসব কারণেই প্রশ্ন উঠছে— এল ক্লাসিকো হচ্ছে তো!
অবশ্য সহিংসতার কারণে এখন পর্যন্ত এল ক্লাসিকো স্থগিত হওয়ার কোনো ঘোষণা আসেনি। নির্ধারিত সূচিতেই ম্যাচটি আয়োজনের কথা রয়েছে।
শনিবার সন্ধ্যায় বার্সেলোনার প্রাণকেন্দ্র প্লাসা দে কাতালুনিয়ায় ছড়িয়ে পড়ে সহিংসতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আহ্বানে জড়ো হওয়া তরুণদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনায় ১২৮ জনকে আটক করা হয়েছে, যাঁদের ৭২ জন অপ্রাপ্তবয়স্ক। আহত হয়েছেন ১৪ পুলিশ সদস্য।
এদিকে, বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচটিকে অবশ্য আগে থেকেই ‘উচ্চ ঝুঁকির’ তালিকায় রেখেছিল স্পেনের ক্রীড়া সহিংসতা প্রতিরোধবিষয়ক রাষ্ট্রীয় কমিশন। ‘এল ক্লাসিকো’কে ঘিরে নিরাপত্তা জোরদারের প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশ সময় সোমবার রাত ২টায় বার্সেলোনার ক্যাম্প ন্যুতে ম্যাচটি শুরু হওয়ার কথা।
অতীতে নিরাপত্তার শঙ্কায় ‘এল ক্লাসিকো’ পেছানোর ইতিহাস আছে। ২০১৯ সালে কাতালুনিয়ার স্বাধীনতাপন্থী নেতাদের কারাদণ্ডের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভের কারণে ন্যু ক্যাম্পে নির্ধারিত ম্যাচ স্থগিত করা হয়েছিল। ২৬ অক্টোবর ন্যু ক্যাম্পে হওয়ার কথা থাকা সেই ম্যাচের সূচি পরে বদলে ১৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়। এবার তেমন কিছু হয় কিনা সেটাই দেখার বিষয়।