Thursday 22 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এল ক্লাসিকোর আগে রিয়ালের বড় জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৬ ১০:৩৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২৬ ১১:৪৩

এল ক্লাসিকোর আগে জয়ের ছন্দটা ধরে রাখল রিয়াল মাদ্রিদ। শুরুতে প্রতিপক্ষের চাপে পড়লেও বিরতির ঠিক আগে এগিয়ে যায় হোসে মরিনহোর দল। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে আরবি লাইপজিগকে বড় ব্যবধানে হারিয়েছে মাদ্রিদের দলটি।

বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লাইপজিগকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোল করেন বের্নার্দো সিলভা, আর্দা গুলের, কিলিয়ান এমবাপ্পে ও ইয়ান ডিওমান্দে। লাইপজিগের একমাত্র গোলটি তিদিয়াম গোমিসের।

ম্যাচের প্রথমার্ধে রিয়ালকে বেশ কয়েকবার বিপদ থেকে বাঁচান গোলরক্ষক থিবো কোর্তোয়া। ২৮তম মিনিটে রোমুলো কার্দোসোর শট ঠেকানোর পর ৪১তম মিনিটে ক্রিস্তোফার এনকুনকুর একক প্রচেষ্টাও রুখে দেন রিয়াল গোলরক্ষক।

বিজ্ঞাপন

রিয়ালের প্রথম গোলটি আসে ৪৩তম মিনিটে। আর্দা গুলেরের শট ফিরিয়ে দেন লাইপজিগ গোলরক্ষক মার্টেন ফান্দেভোর্দ। ফিরতি বলে জাল খুঁজে নেন সিলভা। ম্যানচেস্টার সিটি থেকে গ্রীষ্মে রিয়ালে যোগ দেওয়া পর্তুগিজ মিডফিল্ডারের এটি নতুন ক্লাবের হয়ে প্রথম গোল।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকেরা। ৫২তম মিনিটে জুড বেলিংহ্যামের ক্রস থেকে এমবাপ্পের হেডের পর গোলমুখে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন গুলের। এরপর ৮৩তম মিনিটে ডিওমান্দের পাস থেকে বক্সের বাইরে দুর্দান্ত শটে রিয়ালের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে।

দুই মিনিট পর ডিন হাউসেনের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান কমান লাইপজিগের গোমিস, ব্যবধান হয় ৩-১। তবে লাইপজিগের ফেরার আশা শেষ করে দেন ডিওমান্দে। ৮৭তম মিনিটে ব্রাহিম দিয়াসের ক্রসে দুর্দান্ত ভলিতে বল জালে পাঠিয়ে ৪-১ ব্যবধান নিশ্চিত করেন আইভরি কোস্টের এই উইঙ্গার।

চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট তুলে নিলো রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি রিয়ালের টানা চতুর্থ জয়। আগামী রোববার লা লিগা ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

বিজ্ঞাপন

পদক্ষেপ এনজিওতে চাকরির সুযোগ
২২ অক্টোবর ২০২৬ ১১:০৯

এল ক্লাসিকোর আগে রিয়ালের বড় জয়
২২ অক্টোবর ২০২৬ ১০:৩৬

আরো

সম্পর্কিত খবর