ঢাকা: অসদাচরণ ও কর্মস্থলে অনুপস্থিতির (পলায়ন) অভিযোগে পুলিশ সুপার ড. তানিয়া আনসারী-কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বর্তমানে কানাডায় অবস্থানরত ড. তানিয়া আনসারী পুলিশ টেলিকম, ঢাকায় পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) বিধি অনুযায়ী যথাক্রমে ‘অসদাচরণ ও ‘পলায়ন এর অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। এছাড়া একই বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা সমীচীন ও প্রয়োজনীয় বলে বিবেচিত হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, গত ১০ মে থেকে ড. তানিয়া আনসারীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদফতরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।