Monday 26 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে এসআরবি সদস্যদের ওপর হামলা, গ্রেফতার ৫

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৬ ১৪:২৫

গ্রেফতারকৃতরা।

চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশে ২০টির বেশি মামলার ওয়ারেন্টভুক্ত ও পলাতক এক আসামিকে ধরতে গিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে এসআরবি-৭ ও জেলা পুলিশের যৌথ দল। ঘটনাস্থল থেকে দু’টি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এসআরবির দাবি, হামলায় তাদের ৪-৫ জন সদস্য আহত হয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) এসআরবি-৭-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

গত ২৪ অক্টোবর বিকেলে উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারি গ্রামের ঘাটকুল পাড়ায় অভিযান চালানো হয়। সেখানে ২০টির বেশি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আলমগীর অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে এসআরবির একটি দল অভিযান চালায়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে আলমগীর চিৎকার করে তার দলের ৪০-৫০ জনকে জড়ো করেন। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে এসআরবি সদস্যদের ওপর হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নিজেদের জানমাল ও সরকারি অস্ত্র-গোলাবারুদ রক্ষায় এসআরবি সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

এ সময় ঘটনাস্থল থেকে মেহেদী হাসান সিফাত (২৩), জাহাঙ্গীর আলম (২৮) ও আজিজুর রহমান সবুজকে (২১) গ্রেফতার করা হয়। পরে ২৫ অক্টোবর রাত ১টা ২০ মিনিটে এসআরবি-৭ ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে উত্তর কানাইমাদারী এলাকা থেকে মঞ্জুর ইসলাম (৩৯) ও মো. নবাব শরীফ ওরফে নবাব মিয়াকে (৩৪) গ্রেফতার করা হয়। এ সময় দু’টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেফতার ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে চন্দনাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর