Monday 26 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৬ ১৪:০২

ঢাকা: পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ, নদীভাঙন প্রতিরোধ এবং পদ্মা সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা-মওসুসের পক্ষে সংস্থাটির চেয়ারম্যান, আইনজীবী ও মানবাধিকারকর্মী ড. মো. গোলাম রহমান ভূঁইয়া জনস্বার্থে এ রিট দায়ের করেন।

রিটে পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ, নদীতীরের স্থিতিশীলতা, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর সম্ভাব্য ক্ষতিকর প্রভাবের বিষয়টি তুলে ধরা হয়েছে। পাশাপাশি পদ্মা সেতু ও সংশ্লিষ্ট জাতীয় অবকাঠামোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

রিটে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে তাদের আইনগত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে আইন লঙ্ঘন করে বালু উত্তোলনের অভিযোগ তদন্ত, এর সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নদী ও পরিবেশ রক্ষায় কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে।

পদ্মা নদী দেশের অর্থনীতি, কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও জনজীবনের গুরুত্বপূর্ণ অংশ। নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য বিঘ্নিত হলে নদীতীরবর্তী মানুষের জীবন-জীবিকা, কৃষিজমি ও প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া পদ্মা সেতু ও সংশ্লিষ্ট অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে বৈজ্ঞানিক মূল্যায়ন ও কার্যকর নজরদারি প্রয়োজন বলে রিটে গুরুত্ব দেওয়া হয়েছে।

মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা-মওসুসের মতে, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা পালন করা জরুরি।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর