ঢাকা: সারাদেশের সরকারি খাল, জলাশয় ও প্রাকৃতিক জলপথ অবৈধ দখলমুক্ত করা এবং স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আবেদন জানানো হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার (ম ও সুস) পক্ষে সংস্থাটির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. গোলাম রহমান ভূঁইয়া এ রিট দায়ের করেন।
সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে করা আবেদনে দেশের সরকারি খাল, জলাশয়, নদী, প্রাকৃতিক জলপথ ও পানি নিষ্কাশন ব্যবস্থা সংরক্ষণ, পুনরুদ্ধার এবং অবাধ পানিপ্রবাহ নিশ্চিত করার বিষয়টি তুলে ধরা হয়েছে।
রিটে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে সরকারি খাল ও প্রাকৃতিক জলপথ অবৈধভাবে দখল করা হচ্ছে। কোথাও বাঁধ ও স্থাপনা নির্মাণ, আবার কোথাও অনুমোদনহীন মাছ চাষের কারণে স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে জলাবদ্ধতা ও পরিবেশদূষণ বাড়ছে। পাশাপাশি জীববৈচিত্র্যের ক্ষতি, কৃষি উৎপাদনে প্রতিবন্ধকতা এবং সাধারণ মানুষের জীবন-জীবিকায় বিরূপ প্রভাব পড়ছে।
আবেদনে হাইকোর্টের কাছে কয়েকটি নির্দেশনা চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, সারাদেশের সরকারি খাল, জলাভূমি ও প্রাকৃতিক জলপথের জাতীয় পর্যায়ে জরিপ পরিচালনা এবং জেলা ও উপজেলাভিত্তিক অবৈধভাবে দখল হওয়া খালের তালিকা তৈরি করা। একই সঙ্গে এসব খালের দখলদারদের পরিচয় শনাক্ত করার আবেদন জানানো হয়েছে।
এ ছাড়া সরকারি খাল ও প্রাকৃতিক জলপথে অবৈধ দখল, স্থাপনা, বাঁধ ও অন্যান্য প্রতিবন্ধকতা আইনানুগভাবে অপসারণের নির্দেশনা চাওয়া হয়েছে। পানিপ্রবাহ বাধাগ্রস্ত করে এমন অনুমোদনহীন মাছ চাষ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদনও রয়েছে।
রিটে আরও বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত খাল ও জলপথের স্বাভাবিক পানিপ্রবাহ পুনরুদ্ধার, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি পরিবেশ, জলাভূমি ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।