ঢাকা: রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেড-এর প্রকল্পে ভাঙচুর, লুটপাট ও চুরির মামলায় জামিন পেয়েছেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মো. মিজানুর রহমান।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই মারুফ রহমান জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, সোমবার মিজানুর রহমানের পক্ষে আইনজীবী সৈকত হোসেন জামিনের আবেদন করেন। অন্যদিকে, মামলার বাদীপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। তবে রাষ্ট্রপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
শুনানি শেষে আদালত পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত দুই হাজার টাকা মুচলেকায় মিজানুর রহমানের জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। পরদিন ২৯ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
পরে গত ১ অক্টোবর আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৭ অক্টোবর তাকে আবার কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক ছিলেন।