Tuesday 27 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বলাকায় সাংবাদিক প্রবেশে বাধার অভিযোগ, বিমান কর্তৃপক্ষের ব্যাখ্যা

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৬ ১৬:১২

– ছবি : সংগৃহীত

ঢাকা: তথ্য সংগ্রহে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা)। এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর জবাব ও হস্তক্ষেপ চেয়েছে সংগঠনটি। তবে এই ঘটনায় একটি ব্যাখ্যাও দিয়েছে বিমান কর্তৃপক্ষ।

এদিকে, গত ৬ অক্টোবর থেকে বলাকায় সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়। ২৭ অক্টোবর পর্যন্ত ২১ দিন পেরিয়ে গেলেও সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে প্রধান ফটক থেকেই তাদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। সে সময় বিমানের জনসংযোগ কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানান, ব্যবস্থাপনা পরিচালকের সরাসরি নির্দেশে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বিজ্ঞাপন

এভিয়েশন বিটের সাংবাদিকদের অভিযোগ, বিমানের দুর্নীতি, অনিয়ম ও যাত্রী দুর্ভোগ নিয়ে সংবাদ প্রকাশের কারণে তাদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এতে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে তথ্য সংগ্রহ, অভিযোগ যাচাই এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নেওয়া ব্যাহত হচ্ছে।

অন্যদিকে, সৌদিগামী ফ্লাইটে বিঘ্ন ও যাত্রীদের দুর্ভোগ নিয়ে কর্তৃপক্ষের বক্তব্য নিতে বলাকায় যান কয়েকটি গণমাধ্যমের সংবাদকর্মীরা। তবে প্রধান ফটকে তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। নিরাপত্তাকর্মীরা তাদের জানান, ব্যবস্থাপনা পরিচালকের অনুমতি ছাড়া ভেতরে যাওয়া যাবে না।

সাংবাদিকদের অভিযোগ, সৌদিগামী ফ্লাইটের সংকট ও যাত্রীদের ভোগান্তি নিয়ে প্রায় ২০ দিন ধরে বিমানের কর্মকর্তাদের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেও তারা সফল হননি। জনসংযোগ বিভাগের বক্তব্য পাওয়াও কঠিন হয়ে পড়েছে।

বাটজা’র পক্ষ থেকে সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা দূর করা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়ার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটির সাধারণ সম্পাদক ইমন চৌধুরী।

অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাখ্যা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই জানিয়ে বিজ্ঞপ্তিতে জনসংযোগ বিভাগ থেকে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং জনস্বার্থে তথ্যপ্রবাহের গুরুত্বকে সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে বিবেচনা করে। বিমানের কার্যক্রম, সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সম্মানিত সাংবাদিকবৃন্দ তাদের পেশাগত বিবেচনা ও সম্পাদকীয় নীতিমালা অনুসরণে স্বাধীন। একইসঙ্গে, সংশ্লিষ্ট বিষয়ে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্যের প্রয়োজনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ প্রয়োজনীয় তথ্য ও বক্তব্য প্রদানে যথাসাধ্য সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

এছাড়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আশা করে, পারস্পরিক শ্রদ্ধা, পেশাগত সহযোগিতা ও তথ্যের যথার্থতার ভিত্তিতে গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে। যাত্রীসেবার মানোন্নয়ন এবং জনআস্থা অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট সকলের গঠনমূলক সহযোগিতা কামনা করছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর