চাঁপাইনবাবগঞ্জ: জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত চার দিনে ৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করীম নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় জেলাজুড়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
মৃত রেজাউল করীম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর কলোনি এলাকার লাল মোহাম্মদের ছেলে। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত রেজাউল করীম সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে জেলা হাসপাতালে ভর্তি হন। সেখানে তার চিকিৎসা চলছিল। পরে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা ও কলেজছাত্র আব্দুল হাসিব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন রোববার সকালে একই হাসপাতালে মারা যান চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পাইকরতলা-কাঁঠালিয়াপাড়ার বাসিন্দা মো. মুরশালিন। তাদের মৃত্যুর মধ্য দিয়ে গত ৪ দিনে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত ৩ জনের মৃত্যু হলো।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন এ কে এম শাহাব উদ্দীন জানান, দুই মাসেরও বেশি সময় ধরে জেলায় ডেঙ্গুর প্রকোপ চলছে। ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকি কমাতে মশার বংশবিস্তার রোধ, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।