কুমিল্লা: কুমিল্লায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২৭ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের বাসমতি চাল ও ফুচকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও আটক করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে কুমিল্লা নগরীর কোতোয়ালি থানাধীন পালপাড়া কাজী বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল।
বুধবার (২৮ অক্টোবর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি পিকআপসহ বিপুল পরিমাণ বাসমতি চাল ও ফুচকা জব্দ করা হয়। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৯৫ হাজার টাকা।
বিজিবি জানায়, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
জব্দ করা মালামাল বিধি অনুযায়ী থানায় জমা দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।