ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনের প্রথম সেশনটা খুব একটা ভালো না কাটলেও দ্বিতীয় সেশনটা বলা যায় বাংলাদেশের। এই সেশনে ১ উইকেট হারিয়ে ৮১ রান তুলেছে বাংলাদেশ।
দিনের প্রথম সেশনে শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারানোর পর মুমিনুল হকও ফিরেছেন অল্প রানে। দ্বিতীয় সেশনের শুরুতে ফিরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তবে পরের সময়টা ওপেনার সাদমান ইসলাম অনিক ও তাওহিদ হৃদয় মিলে কাটিয়ে দিয়েছেন।
৩ উইকেটে ১৭৭ রান নিয়ে প্রথম দিনের চা বিরতিতে গেছে বাংলাদেশ। দারুণ খেলতে থাকা সাদমান ইসলাম অনিক ৭৯ রানে অপরাজিত। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা তাওহিদ হৃদয় অপরাজিত ৩৬ রানে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকালে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। টেস্টেও মারকাটারি ব্যাটিং করে আলোচনায় আসা তরুণ ওপেনার তানজিদ তামিম আজ রয়েসয়ে এগুতে চেয়েছেন। তবে দেখেশুনে খেলার তার এই টেকনিক কাজে লাগেনি।
২৩ বল খেলে ৭ রান করে আউট হয়েছেন মিডঅফে ক্যাচ দিয়ে। তিনে নেমে মুমিনুল হক ক্রিজে জমে গিয়েছিলেন। কিন্তু ইনিংসটা লম্বা করতে পারেননি বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার। ফিরেছেন ৫১ বলে ২৮ রান করে। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এসে হাল ধরেন সাদমান ইসলামের সঙ্গে। কিন্তু শান্তও ক্রিজে সেট হয়েছেন বটে কিন্তু ইনিংস বড় করতে ব্যর্থ। এলবিডব্লিউ হয়েছেন ৪২ বলে ১৯ রান করে।
তারপর তাওহিদ হৃদয়কে নিয়ে দলকে টানতে থাকেন সাদমান ইসলাম। মুশফিকুর রহিমের ইনজুরিতে আজ ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছেন হৃদয়। আগের দিন আঙুলে চোট পেয়ে আজ ম্যাচ খেলতে নামতে পারেননি মুশফিকুর রহিম।
ক্যারিবিয়ান বোলারদের খুব একটা সুযোগ দেননি সাদমান-হৃদয়। চা বিরতির আগে চতুর্থ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটি ৬৭ রানের। ১৬৭ বল খেলে ৮টি চারের সাহায্যে ৭৯ রানে অপরাজিত সাদমান। ৭৪ বল খেলে ৩টি চারের সাহায্যে ৩৬ রানে অপরাজিত হৃদয়।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জন ক্যাম্পবেল, ব্র্যান্ডন কিং, ত্যাগনারায়ন চন্দরপল, কেভাম হজ, আমির জাঙ্গু, রোস্টন চেজ, জাস্টিন গ্রেইভস, জোশুয়া বিশপ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকন, জেডন সিলস।