Tuesday 27 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ ম্যাচের আগে ‘ভারতের অনুশীলন’ স্বস্তি দিচ্ছে ওয়েন্ট ইন্ডিজকে

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৬ ১৯:০১ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ০০:০৫

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ভারতের চেন্নাইয়ে দীর্ঘ অনুশীলন ক্যাম্প করেছে ওয়েস্ট ইন্ডিজ। ঢাকায় এসে প্রস্তুতি ম্যাচও খেলেছে ক্যারিবীয়রা। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্ট খেলতে নামার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট অধিনায়ক রোস্টন চেজ।

টেস্ট সিরিজের প্রস্তুতিতে স্বাগতিক বাংলাদেশের চেয়েও এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলে ২১ অক্টোবর দেশে ফেরে বাংলাদেশ দল। অন্যদিকে, ভারত সফরে চেন্নাইয়ে বিশেষ ক্যাম্প করে ১৮ অক্টোবর ঢাকায় পৌঁছায় ক্যারিবীয়রা। বাংলাদেশ ও ভারতের কন্ডিশন কাছাকাছি। ফলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া ও দলগত প্রস্তুতির জন্য তুলনামূলক বেশি সময় পেয়েছে সফরকারীরা।

বিজ্ঞাপন

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। তার আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক চেজ।

চেজ বলেন, ‘আমাদের বেশিরভাগ খেলোয়াড় চেন্নাইয়ের ক্যাম্পে ছিল। আর যারা সেখানে ছিল না, তারা ভারতে সীমিত ওভারের সিরিজে ব্যস্ত ছিল। এরপর পুরো দল একসঙ্গে দুটি ভালো অনুশীলন সেশন পেয়েছি এবং একটি প্রস্তুতি ম্যাচও খেলেছি।’

ঢাকার গরমের সঙ্গেও খেলোয়াড়েরা মানিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন চেজ। ক্যারিবীয় অধিনায়কের ভাষায়, ‘আমার মনে হয় সবাই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে এবং স্বস্তিতে আছে। আমরা কঠোর পরিশ্রম করেছি। স্বাভাবিকের চেয়ে একটু বেশি গরম, তবে এখন পর্যন্ত সবাই পরিবেশ উপভোগ করছে এবং নিজেদের মানিয়ে নিতে পেরেছে।’

টেস্টে সম্প্রতি বেশ ভালো পারফরম্যান্স ওয়েস্ট ইন্ডিজের। চলতি বছর চার টেস্টে দুটি জয়, একটি ড্র ও একটি হার। টেস্ট চ্যাম্পিয়নশিপে ওয়েস্ট ইন্ডিজ এখন আট নম্বরে। বাংলাদেশের বিপক্ষে সিরিজটা উপরে উঠার বড় সুযোগ মনে করছেন ক্যারিবিয়ানরা।

রোস্টন চেজ বলেন, পয়েন্ট তালিকায় আমরা যদি ওপরের দিকে উঠতে চাই, তবে এই সিরিজেই তা করতে হবে। চলতি বছর আমাদের দারুণ কেটেছে। চারটি টেস্ট খেলে দুটিতে জয়, একটিতে ড্র এবং একটিতে হেরেছি। আমরা ভালো ফর্মে থেকে এই সিরিজে নামছি। তাই দুটি ম্যাচই জিতে পয়েন্ট তালিকায় পঞ্চম বা ষষ্ঠ স্থানে থেকে পর্বটি শেষ করতে চাই। এটি দলের জন্য চমৎকার এক ক্রিসমাস উপহার হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর