Wednesday 28 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজকীয় ‘ইনস্ট্যান্ট শাহি টুকরা’ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬ ১৪:২০

বাড়িতে পার্টির আয়োজন, স্টার্টার, মেনকোর্স এবং পানীয়ের তালিকা তো একদম তৈরি; কিন্তু শেষপাতে কী থাকবে, তা নিয়েই কি মূল চিন্তা? বাজারচলতি গতানুগতিক মিস্টি, লাড্ডু কিংবা কাজু বরফির বদলে এ বার নিজের হাতে তৈরি রাজকীয় কোনও মিষ্টি পরিবেশন করলে কেমন হয়?

উৎসবের মরসুমে বা বিশেষ আয়োজনে অতিথিদের মন এক নিমেষে জয় করে নিতে পারে ‘শাহি টুকরা’। ঘিয়ে ভাজা মুচমুচে পাঁউরুটি, কেশর-এলাচের ঘ্রাণযুক্ত ঘন মালাই আর উপর থেকে ছড়ানো পেস্তা-বাদামের এই রাজকীয় পদটি যে কোনও ভোজের স্বাদ দ্বিগুণ করে দেয়। অতিথিদের স্পেশাল ফিল করাতে এই সহজ অথচ লোভনীয় মিষ্টিটি বানিয়ে ফেলুন ঝটপট!

বিজ্ঞাপন

উপকরণ

১. মিল্ক সিরাপের জন্য:
দুধ: দেড় কাপ
চিনি: দেড় কাপ
কেশর/জাফরান: ৪-৫টি সুতো
ছোট এলাচের গুঁড়ো: এক চিমটি

২. মূল পদ তৈরির জন্য:
পাউরুটি: ৫-৮ স্লাইস
ঘি: ভাজার জন্য

৩. মালাই বা রাবড়ির জন্য:
কনডেন্সড মিল্ক: ৩/৪ কাপ
পাউরুটির গুঁড়ো: ২-৪ স্লাইস
কেশর: এক চিমটি
ছোট এলাচের গুঁড়ো: ১/৪ চা চামচ
গোলাপ জল: ১ চা চামচ
দুধ: ১/২ কাপ

৪. সাজানোর জন্য:
কেশর মেশানো দুধ
গোলাপের পাপড়ি
পেস্তা বাদাম কুচি
রুপোলি তবক

পদ্ধতি

ধাপ ১ (সিরাপ তৈরি): প্রথমে একটি পাত্রে দুধ ফুটিয়ে তাতে চিনি এবং কেশর দিন। চিনি গলে যাওয়া পর্যন্ত হালকা আঁচে ২ থেকে ৫ মিনিট ফুটিয়ে নিন। সুস্বাদু সিরা তৈরি হয়ে গেলে নামিয়ে পাশে রাখুন।

ধাপ ২ (পাউরুটি ভাজা ও সিক্ত করা): পাউরুটির চারদিকের শক্ত ধারগুলো কেটে বাদ দিন এবং পছন্দমতো ত্রিকোণ আকারে কেটে নিন। এ বার কড়াইতে ঘি গরম করে মাঝারি আঁচে পাউরুটির টুকরোগুলো সোনালি ও মুচমুচে করে ভেজে তুলুন। টিস্যু পেপারে অতিরিক্ত ঘি ঝরিয়ে পরিবেশন ট্রে-তে সাজিয়ে নিন। এ বার গরম দুধের সিরা চামচ দিয়ে ভাজা পাউরুটির ওপর সমানভাবে ঢেলে দিন, যাতে পাউরুটি ভালোভাবে সিরা শুষে নিতে পারে। ওপরে সামান্য এলাচ গুঁড়ো ছড়িয়ে দিন।

ধাপ ৩ (মালাই বা রাবড়ি তৈরি): এ বার বেঁচে যাওয়া মিষ্টি দুধের সিরার মধ্যে কনডেন্সড মিল্ক মিশিয়ে কড়াইতে দিন। এর সঙ্গে পাউরুটির গুঁড়ো, কেশর, এলাচ গুঁড়ো, গোলাপ জল এবং আধ কাপ দুধ দিয়ে ভালো করে নেড়ে ঘন মিশ্রণ তৈরি করুন। রাবড়ি তৈরি হয়ে গেলে তা ঠান্ডা হতে দিন।

ধাপ ৪ (সাজানো ও পরিবেশন): ঠান্ডা হয়ে যাওয়া ঘন রাবড়ি সিরায় ভেজানো পাউরুটির টুকরোগুলোর ওপর সমানভাবে ছড়িয়ে দিন। এর পর ট্রে-টি ফ্রিজে রেখে ভালো করে ঠান্ডা করে নিন। পরিবেশন করার ঠিক আগে ওপর থেকে কেশর ভেজানো দুধ ছড়িয়ে দিন এবং গোলাপের পাপড়ি, পেস্তা কুচি ও রুপোলি তবক দিয়ে রাজকীয়ভাবে সাজিয়ে পরিবেশন করুন।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

রাউটার রাখার সঠিক জায়গা কোনটা
২৮ অক্টোবর ২০২৬ ১৩:৪১

আরো

সম্পর্কিত খবর