Wednesday 28 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাহাজবাড়িতে ৯ হত্যা: হাসিনা-কামালসহ ৮ জনের শুনানি ১৭ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৬ ১৩:২৮

ঢাকা: রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ ভবনে জঙ্গি নাটক সাজিয়ে নয় তরুণকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। নতুন করে শুনানির জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।

প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিজ্ঞাপন

এদিন আসামিপক্ষের আইনজীবী সিফাত মাহমুদ শুভ শুনানির জন্য সময় চান। রাষ্ট্রপক্ষের আপত্তি না থাকায় আদালত আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর জহিরুল আমিন, অলি মিয়া, মামুনুর রশিদ ও মঈনুল করিমসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

প্রসিকিউশন জানায়, বুধবার রাষ্ট্রপক্ষের আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করার কথা ছিল। তবে আসামিপক্ষ নতুন করে সময় আবেদন করায় শুনানি পিছিয়ে ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়।

মামলায় বর্তমানে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।

অন্যদিকে, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ছয় আসামি পলাতক। তাদের মধ্যে রয়েছেন ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় এবং তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আবদুল বাতেন।

প্রথমে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন ছিল। গত ২১ জুলাই অভিযোগ গঠনের শুনানিতে মামলার ঘটনা ও অভিযোগের বিস্তারিত তুলে ধরেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন স্থান থেকে তরুণদের ধরে এনে তাদের জঙ্গি আখ্যা দিয়ে কল্যাণপুরের জাহাজবাড়িতে নিয়ে হত্যা করা হতো। ভুক্তভোগী পরিবারের অনেক সদস্য তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছেন। বিচার চলাকালে তাদের সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

ওই শুনানিতে আট আসামির বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ গঠনের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। তবে আসামিপক্ষের শুনানি চলাকালে মামলাটি ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়। ফলে অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষকে নতুন করে শুনানিতে অংশ নিতে হবে।

চলতি বছরের ২৯ জানুয়ারি ট্রাইব্যুনাল-১ প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। পরে ৮ মার্চ পলাতক ছয় আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ নামে পরিচিত একটি ভবনে কথিত জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ‘অপারেশন স্টর্ম-২৬’ নামের ওই অভিযানে নয় তরুণকে গুলি করে হত্যা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ঘটনাটি পরিকল্পিত মানবতাবিরোধী অপরাধ ছিল বলে অভিযোগ করেছে প্রসিকিউশন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর