Wednesday 28 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এবারের জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা করবেন না শাহরুখ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬ ১৪:০২

বলিউড বাদশাহ শাহরুখ খান মানেই তার অনুরাগী ও ভক্তদের কাছে এক অবিশ্বাস্য উন্মাদনা। প্রতি বছর ২ নভেম্বর তার জন্মদিনটি ভক্তদের কাছে কোনও উৎসবের চেয়ে কম কিছু নয়। মুম্বাইয়ে তার বাসভবন ‘মান্নাতের’ বাইরে ব্যারিকেড, উপচে পড়া ভিড় এবং সবার চোখ থাকে ওই একটি বিশেষ ব্যালকনির দিকে—কখন তিনি আসবেন আর দু’হাত ছড়িয়ে সেই চিরপরিচিত আইকনিক পোজ দেবেন! তবে এবছর কিং খানের ভক্তদের জন্য মন খারাপ করা খবর সামনে এসেছে। অভিনেতার ৬১তম জন্মদিনে ভক্তদের সঙ্গে সশরীরে দেখা হচ্ছে না তার।

ভারতীয় সংবাদমাধ্যম সুত্র জানা গিয়েছে, এবছর নিজের জন্মদিনে মুম্বাইয়ে থাকছেন না অভিনেতা। তার আগামী মেগা প্রজেক্ট ‘কিং’-এর একটি বিশেষ ও জমকালো গানের শুটিংয়ের জন্য তিনি সোজা পাড়ি দিচ্ছেন লন্ডনে। দিনকয়েক আগেই মুম্বাইয়ের একটি স্টুডিওতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে ছবির একটি বড় গানের শুটিং সেরেছেন তিনি, আর এবার বিদেশের মাটিতে শুটিংয়ের পালা। কাজের প্রতি তার এই অন্ধ নিষ্ঠা ও ডেডিকেশনের জন্যই এবছর জন্মদিনের চেনা মিট-অ্যান্ড-গ্রিট অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছেন শাহরুখ খান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত দু’বছর ধরেই মান্নাতের ব্যালকনিতে তাকে এসে হাত নাড়তে দেখা যায়নি। কারণ, তার সাধের বাসভবন মান্নাতে বর্তমানে সংস্কারের কাজ চলছে, যার ফলে তিনি সাময়িকভাবে অন্য জায়গায় থাকছেন। তবে গত দু’বছর তিনি ‘বাল গন্ধর্ব রঙ্গ মন্দির’-এ ভক্তদের নিয়ে একটি স্পেশাল ইভেন্ট করেছিলেন, যেখানে সংবাদমাধ্যমের প্রবেশ নিষেধ থাকলেও অনুরাগীদের সঙ্গে একান্তে সময় কাটিয়েছিলেন তিনি। কিন্তু এবছর তিনি দেশেই না থাকায় সেই সুযোগও আর থাকছে না।

তবে ভক্তদের নিরাশ হওয়ার কোনও কারণ নেই। কারণ কিং খানের জন্মদিন হাতছাড়া হলেও, বড় পর্দায় আসছে তার নতুন ধামাকা। আগামী ২৪ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’। ফিল্ম ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ছবি মুক্তির ঠিক আগেই ভক্তদের জন্য একটি মেগা ইভেন্টের আয়োজন করবেন অভিনেতা। আর সেখানেই জমিয়ে আড্ডা হবে সবার প্রিয় তারকার সঙ্গে।

পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘কিং’ ছবিটি নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে উত্তেজনা এখন থেকেই তুঙ্গে। এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তার মেয়ে সুহানা খান। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন এবং অনিল কাপুর। ফলে জন্মদিনে দেখা না হওয়ার আক্ষেপ মিটিয়ে বড়দিনের উৎসব যে অনুরাগীদের জন্য দারুণ জমজমাট হতে চলেছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

সারাবাংলা/এএসজি
বিজ্ঞাপন

রাউটার রাখার সঠিক জায়গা কোনটা
২৮ অক্টোবর ২০২৬ ১৩:৪১

আরো

সম্পর্কিত খবর