মধ্য স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে দুটি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
আল জাজিরার খবরে বলা হয়, বুধবার (২৬ অক্টোবর) ভোরে মাদ্রিদের দক্ষিণে তোলেদো প্রদেশের উরদা এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে।
যে রেলপথে এই ঘটনা ঘটেছে, তা রাজধানী মাদ্রিদের সঙ্গে দক্ষিণাঞ্চলীয় শহর সেভিলকে সংযুক্ত করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন দুটির একটি স্পেনের রাষ্ট্রীয় রেল কোম্পানি ‘রেনফে’-এর একটি উচ্চগতির ট্রেন ‘এভিই’। এবং অন্য ট্রেনটি বেসরকারি রেল কোম্পানি ‘ইরিয়ো’র মালিকানাধীন ট্রেন। দুটি ট্রেনই মাদ্রিদ থেকে সেভিলের দিকে যাচ্ছিল।
কাস্তিলা-লা মাঞ্চার আঞ্চলিক সরকারের মুখপাত্র এসথার পাডিলা স্প্যানিশ পাবলিক ব্রডকাস্টার টিভিইকে বলেছেন, কমপক্ষে ১০ জন নিহত হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়বে।
প্যাডিলা বলেন, ট্রেনগুলো একই দিকে যাচ্ছিল তখন একটি দাঁড়িয়ে থাকা ট্রেনের পেছনে অন্যটি আঘাত করে। এর ফলে দুটি বগি লাইনচ্যুত হয়।
পাদিলা জানিয়েছেন, রেনফে ট্রেনে ৩৯৭ জন এবং ইরিয়ো ট্রেনে ১৪৭ জন যাত্রী ছিলেন।
স্প্যানিশ সংবাদপত্র ‘এল পাইস’ -এর তথ্য অনুযায়ী, জরুরি পরিষেবা সূত্র জানিয়েছে যে ইরিয়ো ট্রেনের দুটি বগি রেললাইনের পাশ থেকে ঢালু জমিতে (বাঁধের নিচে) পড়ে গেছে।
কাছাকাছি শহর উরদা -এর মেয়র ম্যানুয়েল গালান ‘টিভি’ -কে জানিয়েছেন, সিভিল প্রোটেকশন কর্তৃপক্ষ তাদের শহরের একটি স্পোর্টস প্যাভিলিয়নকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত রাখতে বলেছে।
স্প্যানিশ সংবাদপত্র ‘এল মুন্দো’ -এর প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারকাজে সহায়তার জন্য পার্শ্ববর্তী শহরগুলো থেকে দমকলকর্মীদের এনে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি তিনটি মেডিকেল হেলিকপ্টার ও দুটি মোবাইল ইনটেনসিভ কেয়ার ইউনিটও পাঠানো হয়েছে।
মাদ্রিদের মেয়র হোসে লুইস মার্টিনেজ-আলমেইদা ‘এক্স’-এ জানিয়েছেন, উদ্ধারকাজে সহায়তা করার জন্য রাজধানী মাদ্রিদ থেকেও জরুরি চিকিৎসা দল ও দমকলকর্মীদের পাঠানো হচ্ছে।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বুধবার ‘এক্স’-এ জানিয়েছেন যে, তিনি এই ঘটনায় মর্মাহত। দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল কাজ করার সময় তিনি পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে এবং কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের প্রেসিডেন্ট এমিলিয়ানো গার্সিয়া-পেজের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন।
স্পেনের রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা ‘এডিআইএফ’ মাদ্রিদ ও দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়ার মধ্যে উচ্চগতির রেল পরিষেবা স্থগিত করেছে। ‘এল পাইস’ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, সিভিল গার্ড ঘটনাস্থলে দুর্যোগ তদন্তে বিশেষজ্ঞ একটি দল পাঠিয়েছে।
কী কারণে এই সংঘর্ষ ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বুধবার ‘এক্স’-এ জানিয়েছেন যে, মাদ্রিদে অবস্থিত ইতালীয় কনস্যুলেট এই দুর্ঘটনায় কোনো ইতালীয় নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না, তা যাচাই করছে এবং যেকোনো ধরনের সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
এর আগে, নয় মাস আগে স্পেনের দক্ষিণাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে ধাক্কা খেলে ৪৫ জন নিহত হয়েছিলেন।
আদামুজ শহরের কাছে ঘটা এই দুর্ঘটনাটি ২০১৩ সালের পর স্পেনের সবচেয়ে প্রাণঘাতী রেল দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় ৮০ জন প্রাণ হারিয়েছিলেন।