রাজবাড়ী: জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর এলাকায় কানে হেডফোন নিয়ে গান শুনতে শুনতে রেল লাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় পড়ে গিয়ে সাব্বির মৃধা (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জামালপুর রেলওয়ে ফুটবল মাঠের পাশে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির মৃধা ডাঙ্গাহাতি মোহন গ্রামের শহীদ মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান সাব্বির। এ সময় তার কানে হেডফোন ছিল বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, জামালপুর এলাকায় ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।