কুমিল্লা: জেলার দাউদকান্দিতে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, এক রাউন্ড কার্তুজ, দুটি লোহার তৈরি গ্রিল/রড কাটার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে পুলিশ। এসময় মো. রুবেল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানায় পুলিশ।
এর আগে, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের স্বল্প পেন্নাই এলাকায় ঈশাখাঁ পেট্রোল পাম্পের পেছনে নুরুল ইসলামের একটি গোডাউনে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। এ সময় রুবেলের হেফাজত থেকে একটি দেশীয় একনলা বন্দুক, এক রাউন্ড কার্তুজ, দুটি নীল রঙের লোহার তৈরি গ্রিল/রড কাটার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক রুবেল কুখ্যাত ডাকাত সর্দার নূরনবী গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’