ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে হাজীপাড়ায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটে ভোট দিয়েছেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সাল আমীন। ভোট দেওয়া শেষে তিনি বলেন, ইনশাল্লাহ আমরা অবশ্যই নিরঙ্কুশ জয় লাভ করবো। এখন অন্যান্য কেন্দ্রে গিয়ে পরিবেশ কেমন তা দেখবো, এরপর বিস্তারিত বলতে পারবো।
তিনি আরও বলেন, ‘আমি সবেমাত্র বাসা থেকে বের হয়ে প্রথম কেন্দ্রে ভোট দিলাম। তাই এই মুহূর্তে সার্বিক ভোটের পরিবেশ নিয়ে মন্তব্য করাটা ঠিক হবে না। কারণ এখনো পরিবেশ পুরোপুরি বুঝে উঠতে পারিনি। তবে এটি আমার প্রথম কেন্দ্র, দেখে মনে হচ্ছে নিঃসন্দেহে উৎসবমুখর পরিবেশেই ভোট হবে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’
ফয়সার আমীন বলেন, ‘আমার কাছে সব এলাকাই সমান এবং সব ভোটারই আমার ভোটার। সবাই অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে আগ্রহী। প্রশাসন যদি কোনো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করে, তবে সে অনুযায়ী তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
ভোটার উপস্থিতি সম্পর্কে তিনি মন্তব্য করেন, ‘আবহাওয়া কিছুটা খারাপ এবং বৃষ্টির ভাব রয়েছে। তবে এটি উপনির্বাচন হলেও বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি ও অংশগ্রহণ থাকবে বলে আমি আশাবাদী।’
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে শুরু হয় এই ভোটগ্রহণ। বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।